বিশ্বের নানা অঞ্চলের সিনেমার জন্য কান উৎসব গুরুত্বপূর্ণ। মূল ধারায় আসে না এমন অনেক সিনেমাই কানে প্রদর্শিত হয়। সেখান থেকে ছড়িয়ে পড়ে বিশ্বে। সম্প্রতি কান উৎসবে প্রদর্শিত হলো সিকিমের চলচ্চিত্র ‘তারা: দ্য লস্ট স্টার’। এটি পরিচালনা করেছেন সামতেন ভুটিয়া। মার্শে দ্যু ফিল্ম বিভাগে প্রদর্শিত হয়েছে সিনেমাটি।

সিনেমাটি সিকিমের হলেও এর ভাষা নেপালি। অভিনয় করেছেন সিকিমের শ্যাম শ্রী শেরপা ও কিরণ দাহাল। মূল দুই চরিত্রে এ দুজন বাদেও আছেন দেওরাজ শেরপা, লুনিভা তুলাধর, শশীকলা প্রধান, সুস্মিতা ভুজেল, বসন্ত শর্মা, আনন্দ গুরুং ও টিমোথি রাই। সিনেমাটিতে বিনিয়োগ করেছেন সাবিত্রী ছেত্রী। এটি সাদা প্রডাকশনের ব্যানারে এসেছে এবং সঙ্গে আছে মিন্টক ফিল্মস। এ নামগুলো গুরুত্বপূর্ণ, কেননা তারার মাধ্যমে সিকিমের সিনেমার বিশ্বায়ন হওয়া সম্ভব এবং সিনেমাটির সঙ্গে যুক্ত এসব মানুষের নাম।

তারা নিয়ে এর নির্মাতা ভারতীয় গণমাধ্যম পিটিআইকে বলেন, ‘তারা মূলত নেপালি ভাষায় নির্মিত একটি ফিচার ফিল্ম। এতে হিমালয় ও সিকিমের বিচিত্র সংস্কৃতির পরিচয় পাওয়া যাবে। সিনেমাটি সোশ্যাল ড্রামা। স্থানীয় অভিনয়শিল্পীদের নিয়েই আমি এটি নির্মাণ করেছি।’

এ সিনেমা নিয়ে এর সঙ্গে যুক্ত ব্যক্তিরা বলেন, ‘কান চলচ্চিত্র উৎসবে সিনেমাটির প্রদর্শনী, স্থানীয় সিনেমার জন্য একটি মাইলফলক। সিকিমের সিনেমা নতুন করে তার একটি বাজার তৈরি করছে। কান চলচ্চিত্র উৎসবে তারা প্রদর্শনের মাধ্যমে এটি নতুন পথ খুঁজে পাবে।’

সিনেমাটি নিয়ে উচ্ছ্বসিত সিকিমের চিফ মিনিস্টার প্রেম সিং তামাং। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, ‘তারা: দ্য লস্ট স্টার সিনেমার নেপথ্যে থাকা প্রতিটি মানুষকে অভিনন্দন। কান চলচ্চিত্র উৎসবে সিনেমাটির অভিষেক হওয়া একটা বড় অর্জন। এছাড়া এর মধ্য দিয়ে হিমালয় অঞ্চলের মানুষের জীবন ও সংস্কৃতির প্রচার হবে। এটা মূলত আমাদের সিনেমা নির্মাতা ও এর সঙ্গে যুক্ত সবার মেধা ও পরিশ্রমের ফল।’

সূত্র: ইয়ন