‘হাওয়া’ সিনেমার বিরুদ্ধে মামলা, প্রদর্শনী বন্ধ চেয়ে আইনি নোটিশ এবং মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ সিনেমার সেন্সর না পাওয়া নিয়ে সরব দেশের নির্মাতা ও শিল্পীরা। এর অংশ হিসেবে কাঁটাতারের বেড়া সামনে নিয়ে সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানিয়েছেন তারা।
আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘বাংলা চলচ্চিত্র বা কন্টটেন্টে সেন্সরশিপের খড়্গ: গল্প বলার স্বাধীনতা চাই’ শীর্ষক সংবাদ সম্মেলনে মামলা প্রত্যাহার ও বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড বাতিলের দাবিসহ ৫ দফা দাবি জানানো হয়। চলচ্চিত্র নির্মাতা, শিল্পী ও কলাকুশলীরা এসব দাবি জানান। দাবি মেনে নেয়া না হলে পরে অন্যান্য কর্মসূচি দেয়ার কথাও ঘোষণা করেন তারা।
সংবাদ সম্মেলনে নির্মাতা, শিল্পী ও কলাকুশলীরা ‘হাওয়া’ সিনেমার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি ও শনিবার বিকেল সিনেমার ছাড়পত্র না পাওয়ার ব্যাখ্যা চেয়েছেন। সেই সঙ্গে ৫ দফা দাবি তুলেছেন তারা। দাবিগুলো হলো-‘হাওয়া’ চলচ্চিত্রের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে করা মামলা অবিলম্বে প্রত্যাহার, ‘শনিবার বিকেল’ চলচ্চিত্র কেন সেন্সর ছাড়পত্র পেল না তার সুস্পষ্ট ব্যাখ্যা, বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড বাতিল এবং প্রস্তাবিত চলচ্চিত্র সার্টিফিকেশন আইনের ক্ষেত্রে সকল অংশীজনের সঙ্গে আলোচনা সাপেক্ষে একটি আধুনিক ও অন্তভূক্তিমূলক চলচ্চিত্র সাটিফিকেশন আইন প্রণয়ন। এছাড়া প্রস্তাবিত ওটিটি নীতিমালার ক্ষেত্রে সকল অংশীজনের সঙ্গে আলোচনা সাপেক্ষে একটি আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক ওটিটি নীতিমালা প্রণয়ন এবং চলচ্চিত্র বা কনটেন্ট বিষয়ক কোন মামলা দায়ের করার আগে অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের (যেমন: খসড়া ওটিটি নীতিমালায় প্ল্যাটফর্মগুলোতে আলাদা কমিশন বোর্ড তৈরির প্রস্তাব আছে, এ জাতীয় কোন কর্তৃপক্ষের) সঙ্গে আলোচনা করে নেয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোস্তফা সরয়ার ফারুকী, তারিক আনাম খান, মেজবাউর রহমান সুমন, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, মোরশেদুল ইসলাম, গাউসুল আলম শাওন, জয়া আহসান, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, নুরুল আলম আতিক, অমিতাভ রেজা চৌধুরী, বিধান রিবেরু, তানিম নূর, গিয়াস উদ্দিন সেলিম, স্বকৃত নোমান, আদনান আল রাজিব, আফরান নিশোসহ তরুণ নির্মাতা ও কলাকুশলীরা।










