অভিনয় দক্ষতা দিয়ে দর্শক জনপ্রিয়তা পেয়েছেন এমন অভিনেতাদের একজন ইমতিয়াজ বর্ষণ। নাটক, সিনেমা এমনকি ওটিটি প্লাটফর্মেও নিয়মিত মুখ তিনি। ওয়েব সিরিজ ‘কাইজার’-এ ব্যারিস্টার চরিত্রে অভিনয় করে বর্তমান সময়ে আলোচনায় আছেন তিনি। অভিনয় আর ব্যক্তিজীবনের নানা বিষয় নিয়ে বণিক বার্তার সঙ্গে কথা বলেছেন বর্ষণ। সাক্ষাত্কার নিয়েছেন সাবিহা জামান
বর্ষণ নাকি ব্যারিস্টার কী নামে সম্বোধন করতে পারি?
কাইজার করার পর থেকে অনেকেই আমাকে ব্যারিস্টার বলে সম্বোধন করছেন, শুনতে খুব ভালো লাগে। যখন আমার অভিনয়ের চরিত্রগুলো এমন পরিচিতি পায় তখন সেটার জন্য অন্য রকম ভালো লাগা কাজ করে। আর আমার নিজের নামও আমার ভালো লাগে। সব নামই আমার পছন্দ, কোনোটাতেই কোনো সমস্যা নেই।
কাইজারে এ চরিত্রের জন্য কেমন প্রস্তুতি নিতে হয়েছে?
শুটিং শুরু করার অনেক আগে থেকেই আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। আমরা রিহার্সেল করেছি, সঙ্গে কিছু রেফারেন্স দেয়া হয়েছিল সেগুলো পড়েছি। আমরা আমাদের কল্পনাশক্তি দিয়ে চরিত্রগুলো কেমন হবে সেটা নিয়ে ভেবেছি। এর সঙ্গে পরিচালকের ভাবনা সব মিলিয়েই কাজটা করেছি। কাইজারের প্রতিটি কো-আর্টিস্টের অনেক পরিশ্রম রয়েছে এর চরিত্রগুলো প্রতিষ্ঠিত করার জন্য। আমরা চিন্তাভাবনা করার সময় পেয়েছি, ফলে আমরা আরো ভালো করে কাজটা করতে পেরেছি। ভাবনা, চিন্তা আর কল্পনাশক্তির মিশেলে আমি ওই চরিত্রটা হয়ে ওঠার চেষ্টা করেছি।
এমন রহস্যময় চরিত্রে কাজ করার পর দর্শক মহলে প্রশংসা পাচ্ছেন। দর্শক কি আবার এ চরিত্র দেখতে পাবে?
আসলে এটা আমি বলতে পারছি না। এটা সম্পূর্ণ পরিচালকের ইচ্ছা। কাইজার শার্লক হোমস ও ফেলুদার মতো ফ্র্যাঞ্চাইজার হতে যাচ্ছে। তাই কাইজার ফিরে এলেও সেখানে প্রথম পর্বের চরিত্ররা থাকবে কিনা এটা কাইজারের নির্মাতারাই জানেন।
কাইজার আমাদের বর্তমান সময়ের গল্প, যেখানে অ্যান্টি-হিরোর চরিত্রে আপনাকে দেখা গিয়েছে। কাজটা দেখার পর নিজের কাজ নিয়ে আপনি কতটা সন্তুষ্ট?
স্ক্রিপ্ট, ডিরেকশন সব মিলিয়ে আমি সন্তুষ্ট। তবে আমার দিক থেকে আমি মনে করি আরো ভালো করা যেত। সুযোগ পেলে হয়তো আরো ভালো হতো।
বর্তমানে কোন কাজের সঙ্গে যুক্ত আছেন?
এ মুহূর্তে অন্য একটি প্লাটফর্মের জন্য একটা কাজ করছি। সামনে ‘ওরা ৭ জন’
সিনেমা আসছে। আরো কিছু কাজের কথা হচ্ছে।
‘ওরা ৭ জন’
সিনেমায় আপনার চরিত্রটি নিয়ে জানতে চাই।
এখানে আমার চরিত্রের নাম সোলাইমান কাজি। ভিন্ন ভিন্ন পেশা থেকে মুক্তিযুদ্ধে আসা সাতজন মানুষের গল্প ‘ওরা ৭ জন’। এর মধ্যে কেউ ডাক্তার, কেউ ছাত্র, কেউ পুলিশ, কেউবা সেনাবাহিনী। আমার চরিত্রটা ছিল একজন মসজিদের মুয়াজ্জিন। তাদের সাতজনের একটা অভিজানের গল্প ‘ওরা ৭ জন’। এটি পরিচালনা করেছেন খিজির হায়াত খান।
‘ঊনপঞ্চাশ বাতাস’
সিনেমাটি দিয়ে দর্শক মহলে ব্যাপক সাড়া পড়েছিল। সে সময়ে কি ভেবেছিলেন এমন কিছু হতে যাচ্ছে?
মাসুদ হাসান উজ্জ্বল ভাইয়ের কাজ মানেই আলাদা কিছু। তাই মনে হচ্ছিল দারুণ কিছু হতে যাচ্ছে। করোনার কারণে খুব বেশি মানুষ হলে গিয়ে সিনেমাটা দেখবে সে ব্যাপারে কিছুটা সন্দিহান ছিলাম। তার পরও যে সাড়া পেয়েছে ঊনপঞ্চাশ বাতাস তা এ সিনেমার একটা বড় প্রাপ্তি। এ সিনেমা আমার ক্যারিয়ারে একটা বড় পরিবর্তন নিয়ে আসে। তাই বলা যায় ঊনপঞ্চাশ বাতাস আমার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট।
এ সিনেমা মুক্তির পর আপনি চট্টগ্রামের চাকরিটা ছেড়ে দেন, এর পেছনের গল্পটা কী?
আমি ঢাকায় এসে কাজ শুরু করেও মাঝে ফিরে যাই চট্টগ্রামে। আমি অপেক্ষায় ছিলাম সিনেমা মুক্তির। সেই সময়টায় চাকরি করতাম। যেদিন ‘ঊনপঞ্চাশ বাতাস’
রিলিজের ঘোষণা এল তার কিছুদিন পর চাকরিতে ইস্তফা দিয়ে দিই।
চিত্র্যনাট্য বাছাই করার ক্ষেত্রে আপনি কোন দিকগুলো বিবেচনা করেন?
প্রথমত, গল্পটা আমার পছন্দ হতে হবে। যেকোনোভাবে গল্পটা আমাকে টানলে আমি দেখি এতে আমর চরিত্রটা গল্পে কতটুকু গুরুত্ব পাচ্ছে। আর এটা যেহেতু আমার পেশা তাই পেশাদারিত্বের দিকটাও দেখতে হয়।
সম্প্রতি আপনি ‘হাওয়া’
সিনেমাটি দেখেছেন। সিনেমাটি কেমন লেগেছে?
‘হাওয়া’
দেখে আমি ভীষণভাবে অনুপ্রাণিত হয়েছি। এখন দর্শক হলে গিয়ে বাংলা সিনেমা দেখতে যাচ্ছে সেটা আমাদের জন্য খুব অনুপ্রেরণামূলক। এতে যারা ভালো সিনেমা নির্মাণ করেন, যারা পর্দার আড়ালে ছিলেন তারা আবার সামনে আসবেন। এমন অনেকে আছেন যারা সিনেমা বানিয়েছেন কিন্তু নানা কারণে সিনেমাটা মুক্তি দিতে একটু কুণ্ঠা বোধ করছিলেন। যারা ভিন্নধর্মী সিনেমা নির্মাণ করেন তাদের জন্য আশার আলো ‘হাওয়া’। সব মিলিয়ে ‘হাওয়া’
আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য অনুপ্রেরণায় নতুন হাওয়া দিয়েছে। এটা আমার বিশ্বাস। আর সিনেমা হিসেবে বলতে হলে বলব আমার হাওয়া খুব ভালো লেগেছে। সিনেমাটোগ্রাফি, গল্প, অভিনয়, আর্ট সব মিলিয়ে আমি বলব এ সিনেমা সবার দেখা উচিত।
বর্তমান সময়ে থ্রিলারধর্মী কাজ বেশি হচ্ছে। এটা কীভাবে দেখছেন?
বিভিন্ন সময়ে বিভিন্ন ট্রেন্ড আসে এবং সেটা বেশ কিছুদিন থাকে। এখন সময় অ্যাডভেঞ্চার, থ্রিলার, মার্ডার মিস্ট্রির। হয়তো আরো কিছুদিন চলবে। এর মাঝেও অনেকেই ভিন্নধর্মী কাজ করে যাচ্ছেন। একটা সময় স্লো পেস স্টোরি টেলিংয়ের গল্প খুব দেখার অভ্যাস ছিল। বর্তমানে সময়ের যে অস্থিরতা, ব্যস্ততা সব মিলিয়ে সিনেমা দেখার চোখেরও পরিবর্তন হয়ে গেছে। ইদানীং অ্যাডভেঞ্চার থ্রিলারগুলো বেশ জনপ্রিয় হচ্ছে। হয়তো সামনে এ ধারার পরিবর্তন আসবে সময়ের সঙ্গে।










