কয়েক বছর হলো দক্ষিণ ভারতের সিনেমা মানেই যেন ব্লকবাস্টার। দক্ষিণি সিনেমার ভক্ত আগে থেকেই ছিল, তবে রাজামৌলির বাহুবলী দিয়ে তা বেগ পেয়েছে। পাশাপাশি ভালো গল্প ও উপস্থাপনার কারণেও সিনেমাগুলো গ্রহণযোগ্যতা পেয়েছে। বিশেষত মালয়ালম ইন্ডাস্ট্রির সিনেমাগুলো গল্প ও অভিনয়ের কারণে বহু আগে থেকেই জনপ্রিয়। এরপর তামিল ও তেলেগু ভাষায় নির্মিত অ্যাকশন ঘরানার সিনেমাগুলো দর্শক লুফে নিতে শুরু করে। পুষ্পা, কেজিএফ, বিক্রম এর সুযোগ্য উদাহরণ। সে ধারায় সাম্প্রতিক সময়েও—গত দুই মাসে দক্ষিণ ভারতের বক্স অফিসে একের পর এক সিনেমা সফল হয়েছে। এর মধ্যে ছিল কার্থির ভিরুমান, দুলকার সালমানের সীতা রাম ও ধানুশের থিরুচিত্রাম্বলাম। অক্টোবরের মাঝ অবধি দক্ষিণের বক্স অফিস চাঙ্গা থাকবে, কেননা ৩০ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে মণি রত্নমের পিএস ওয়ান।

তামিল সিনেমা ‘ভিরুমান’ ওপেনিংয়ে ভালো আয় করেছে। বাবা ছেলের আবেগের গল্পটা দর্শক পছন্দ করেছে। এর সঙ্গে বরুণ শঙ্কর রাজার সাউন্ডট্র্যাক মিলে সিনেমাটিকে অন্য মাত্রা দিয়েছে। ফ্যামিলি ড্রামা হওয়ার কারণে তামিল নাড়ু, কেরালা ও কর্ণাটকে সিনেমাটি শীর্ষস্থান অধিকার করেছে। সিনেমাটি আবার প্রমাণ করেছে যে একটা সহজ সুন্দর গল্প দর্শকরা সহজেই পছন্দ করেন। একই দিনে কেরালায় দুটি এক্সপেরিমেন্টাল মালয়ালম সিনেমা মুক্তি পেয়েছে। কুনচাকো বোবানের অভিনয়ে মামুত্থির ‘দেভাধুতান পাডি’ গানটির রিমিক্স রীতিমতো ভাইরালে পরিণত হয়েছে। বোবান এ সিনেমায়ও নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন। অন্যদিকে থোভিনো থমাসের অভিনয়ে খালিদ রহমানের ‘থাল্লুমালা’ একটি নতুন ধারার অ্যাকশন কমেডি। সিনেমাগুলো দক্ষিণের দর্শকের কাছে আদৃত হয়েছে।

তামিল ও মালয়ালম সিনেমা যেখানে ভালো করছে, তেলেগু সিনেমা সেখানে এক কদম এগিয়েই আছে। ‘সীতা রাম’ ও ‘কার্তিকেয় টু’ দিয়ে দর্শক টেনেছে তারা। দুলকার সালমান কেবল দক্ষিণের তারকা নন, তার সিনেমার দর্শক এখন সারা ভারতে। দুলকারের একটি বৈশিষ্ট্য হলো যে ভাষায় সিনেমা হচ্ছে, তিনি সে ভাষা শিখে নেয়ার চেষ্টা করেন। মালয়ালম তারকাদের মধ্যে চর্চাটা পুরনো। ইদানীং বিষয়টি বেড়েছে। ফাহাদ ফাসিল-পৃথ্বীরাজ-দুলকারদের আগে একমাত্র কমল হাসানই ভিন ভাষার সিনেমায় নিজের কণ্ঠে সংলাপ দিতেন। ৫০ কোটি রুপির বেশি আয় করা সীতা রামের সাফল্যের পেছনে দুলকারের পাশাপাশি বিশাল চন্দ্রশেখরের সাউন্ডট্র্যাকের অবদান রয়েছে। কার্তিকেয় টু কিছুটা ফ্যান্টাসি ঘরানার হলেও এ তেলেগু সিনেমাটিতে ফ্যামিলি ড্রামার স্বাদ রয়েছে।

তবে ফ্যামিলি ড্রামার ক্ষেত্রে ধানুশ অভিনীত ‘থিরুচিত্রাম্বালাম’ সব শ্রেণীর দর্শকের মন জয় করেছে। ১৮ আগস্ট মুক্তি পাওয়া সিনেমাটিতে পুরনো ধারার বন্ধুত্ব ও রোম্যান্সের মধ্য দিয়ে দর্শকের মনে এক ধরনের মিষ্টি আবেশ তৈরি করতে সক্ষম হয়েছে। ধানুশ, নিত্যা মেনেন ও প্রকাশ রাজের অভিনয় এ সিনেমার প্রাণ। দর্শক সমালোচকদের মতে, এখানে অতিরিক্ত কোনো প্রকার আরোপিত বিষয় না এনে বাস্তবসম্মত গল্প তুলে ধরার কারণে সিনেমাটির সঙ্গে দর্শক সহজে নিজেকে যুক্ত করতে পারে। অর্থাৎ, দর্শকের পছন্দের সিনেমা হতে হলে তাকে সবসময় যে অ্যাকশন বা লার্জার দ্যান লাইফ কোনো চরিত্র, ঘটনা থাকতে হবে এমন নয়।

ধানুশ বরাবরই ‘নায়ক’—অর্থাৎ যাকে ঘিরে গল্প ও সব ঘটনা আবর্তিত হবে। কিন্তু সবসময় তিনি নায়ক থাকেন না। কখনো গল্পের একটা অংশ হয়ে ওঠেন। দক্ষিণ ভারতীয় সিনেমার দুটি ধারা—একটি গল্পভিত্তিক, অন্যটি অ্যাকশন ধারার বাণিজ্যিক সিনেমা। তাই ধানুশ যেমন ‘মারি’র মতো সিনেমা করেন, তেমনি ‘কারনান’ও করেন। এমনকি ‘ভাদা চেন্নাই’য়ের মতো সিনেমায় অভিনেতা ও নায়ক উভয় পরিচয়ে ধানুশকে পাওয়া যায়। দক্ষিণের সিনেমার এ ধারার কারণে দর্শক সেখানে ভিন্নতা খুঁজে পাচ্ছে। কিন্তু বলিউডের ক্ষেত্রে নায়কেরা নায়কের চরিত্র থেকে বের হতে পারছেন না। ফাহাদ ফাসিলে ‘জোজি’র মতো সিনেমা দর্শক আশা করে আমির খানের কাছ থেকে, তারা এখন ‘লাল সিং চাড্ডা’ চায় না।

দর্শককে নানা স্বাদের সিনেমা উপহার দেয়া দক্ষিণ ভারতের সিনেমার সাম্প্রতিক সফলতার অন্যতম কারণ। সেখানে বাহুবলীর পর ইতিহাস আশ্রিত অ্যাকশন ঘরানার সিনেমার একটা জোয়ার দেখা যাচ্ছে। বাহুবলীর পর তৈরি হয়েছে ‘সাই রা নরসিমহা রেড্ডি’। নরসিমহার চরিত্রে অভিনয় করেন সুপারস্টার চিরঞ্জীবি। ২০২১ সালে মুক্তি পায় ‘মারাক্কার: দ্য লায়ন অব অ্যারাবিয়ান সি’। প্রধান চরিত্রে ছিলেন মোহনলাল। পরিচালনায় প্রিয়দর্শন। এ বছর মণি রত্নম আনছেন চোল সাম্রাজ্যের ইতিহাস আশ্রিত সিনেমা ‘পোনিয়িন সেলভান: পার্ট ওয়ান’। বিক্রম, ঐশ্বরিয়া রায় বচ্চন, কার্থি, জয়ম রবি, তৃষা কৃষ্ণানসহ বহু তারকার মেলা বসছে বিগ বাজেটের এ সিনেমায়।

এরপর দক্ষিণ ভারত প্রস্তুতি নেবে পুষ্পার দ্বিতীয় কিস্তির। সব মিলিয়ে দক্ষিণের বক্স অফিস মন্দা যাওয়ার সম্ভাবনা ক্ষীণ। বিষয়বৈচিত্র্য, অভিনয়, সংগীত আর দর্শকের কাছে দক্ষিণ ভারতের সিনেমা যেভাবে পৌঁছেছে, সাফল্যের এ-ই হলো নেপথ্য কারণ।

 

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস