খ্যাতনামা কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন আজ। হিমু, মিসির আলি, শুভ্র, রুপাসহ অনবদ্য সব চরিত্রের জনক জনপ্রিয় এ লেখকের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে দুরন্ততে আজ বেলা ৩টায় প্রচারিত হবে বিশেষ টেলিছবি ‘বোতল ভূত’। এটি হুমায়ূন আহমেদ রচিত ছোটগল্প ‘বোতল ভূত’ অবলম্বনে নির্মিত হয়েছে। পরিচালনা করেছেন মেহের আফরোজ শাওন।

হুমায়ূন নামের এক দুষ্টু ছেলে টেলিছবিটির কেন্দ্রবিন্দু। হুমায়ূন ছাত্র হিসাবে ভালো নয়। ওদের ক্লাসে যে ছেলেটা একদম কথা বলে না, সে হল মুনির। ও আবার খুব ভালো ছাত্র। মুনির হুমায়ূনকে একদিন জিজ্ঞেস করে, ভূত পুষবে নাকি? একদিন অবিকল রবীন্দ্রনাথের মতো দেখতে এক লোক বোতলে ভরে একটা ভূত উপহার দিল হুমায়ূনকে। এই ভূত আর হুমায়ূনকে নিয়েই ‘বোতল ভূত’-এর গল্প।

এই টেলিছবিতে অভিনয় করেছেন মামুনুর রশীদ, ঝুনা চৌধুরী, আজাদ আবুল কালাম, আব্দুল্লাহ রানা, খলিলুর রহমান কাদেরী, ওয়াসেক, শাহ্নাজ সুমি, আফরোজা বেগম, মতিউর রহমান মতি, মোঃ ইব্রাহিম, প্রিনন, ঋত, জয়েত, নীল, জারিফ, অনিন্দ্য, নির্জন, আনন, ধ্রুব, জিহাদ, সায়রী, জয়শ্রী এবং তাহজীব।