দেশের গুণী নির্মাতাদের একজন মোস্তাফিজুর রহমান মানিক। একাধিক সিনেমা পরিচালনা করেছেন তিনি। পরিচালনার জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তার আসন্ন সিনেমা ‘যাও পাখি বলো তারে’। সিনেমাটিতে জুটি বেঁধেছেন মাহিয়া মাহি ও আদর আজাদ। চলতি বছরের ৭ অক্টোবর প্রেক্ষাগৃহ মুক্তি পাবে সিনেমাটি। এ নিয়ে চিত্রনায়ক আদর আজাদ বলেন, ‘আমার প্রথম সিনেমা মানিক ভাইয়ের হাত ধরে। তার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। যাও পাখি বলো তারে সিনেমাটি ৭ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সেভাবে প্রস্তুতি নেয়া হচ্ছে। সেপ্টেম্বরেই সিনেমাটির টিজার, ট্রেলার গান প্রকাশ পাবে, এর সঙ্গে শুরু হবে পরিচালনা। সম্পূর্ণ গ্রাম্য পটভূমির গল্প এ সিনেমা। প্রেম, বিরহ ও বিচ্ছেদ থাকছে মূল বিষয়বস্তু হিসেবে। ২৫ জুন সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে। আমরা আশা করছি, দর্শকের ভালো লাগবে।’

যাও পাখি বলো তারে এর অন্যান্য চরিত্রে শিপন মিত্র, রাশেদ মামুন অপু, লাবণ্য, সুব্রত, রেবেকা, মাহমুদুল ইসলাম মিঠু, মাসুম বাশার, মিলি বাশারসহ একঝাঁক তারকাদের দেখা যাবে। সিনেমাটির কাহিনী ও সংলাপ লিখেছেন আসাদ জামান।