এ রকম ঘটনা বলিউডের ইতিহাসে আর কখনো ঘটেছে কিনা সন্দেহ! স্বামীর সমান পারিশ্রমিক চাওয়ায় ছবি থেকে বাদ পড়েছেন স্ত্রী। ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামা এমনটাই জানাচ্ছে। স্বামী রণবীর সিংয়ের সমান পারিশ্রমিক দাবি করায় পরিচালক সঞ্জয় লীলা বানসালির বৈজু বাওরা ছবি থেকে বাদ পড়লেন দীপিকা পাড়ুকোন।
সঞ্জয় লীলা বানসালির রামলীলা, বাজিরাও মাস্তানি ও পদ্মাবত ছবিতে একসঙ্গে কাজ করেছেন বলিউডের তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। দর্শকদের আশা ছিল চতুর্থবারের মতো তাদের একসঙ্গে পর্দায় দেখবেন বানসালির ছবিতে। তবে সে গুড়েবালি।
বৈজু বাওরা নামে মূল ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৫২ সালে। আর তাতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছিলেন ভারত ভূষণ ও মীনা কুমারী। সঞ্জয় লীলা বানসালি তার বৈজু বাওরায় চেয়েছিলেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনকে নিতে। কিন্তু এখন জানা যাচ্ছে স্বামীর বিপরীতে এ রোমান্টিক ছবিতে অভিনয় করা হচ্ছে না দীপিকার। বলিউড হাঙ্গামা জানাচ্ছে, ‘দীপিকা তার স্বামীর সমান পারিশ্রমিক চেয়েছেন। এক পয়সা বেশি বা কম নয়।’
দীর্ঘদিন ধরেই বলিউডে পুরুষ তারকাদের সমান পারিশ্রমিকের দাবি তুলছেন দীপিকা। সাম্প্রতিক সময়ে দীপিকা তার ছবিতে প্রধান পুরুষ তারকার সমান পারিশ্রমিক নিয়েছেন। কিন্তু এবার বানসালি তার দাবিতে রাজি হননি। সমান পারিশ্রমিকের দাবি তিনি ফিরিয়ে দিয়েছেন।
বানসালি প্রডাকশনের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, দীপিকা
বৈজু
বাওরা থেকে বাদ পড়ায় নাকি এক রকম মন্দের ভালো হয়েছে। কারণ বানসালির চারটি ছবিতে এই স্বামী-স্ত্রী জুটিকে দেখে হয়তো দর্শক ক্লান্ত বোধ করত।
বলিউডে নারী তারকারা পারিশ্রমিকের বৈষম্যের বিষয়ে ক্রমেই আরো বেশি সোচ্চার হচ্ছেন। কিছুদিন আগে অলৌকিক দেশাইয়ের একটি ছবিতে ১২ কোটি রুপি পারিশ্রমিক চেয়ে আলোচনায় এসেছিলেন।
সূত্র: বলিউড হাঙ্গামা










