এ প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। খুব অল্প সময়েই তিনি বেশ আলোচনায় চলে এসেছেন। মহানগর সিরিজ, আমার আপনজনের মতো নাটক দিয়ে তিনি দর্শকের কাছে পরিচিত হয়ে উঠেছেন। চমকের স্বপ্ন ছিল অভিনয়ের পাশাপাশি মিডিয়ার নানা কাজের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করা। সেই স্বপ্ন থেকেই তিনি হয়ে গেলেন চলচ্চিত্র পরিচালক। নির্মাণ করলেন সিনেমা ‘ডি’-ঢাকা ড্রাগ ডিলারস।
সিনেমাটি নিয়ে চমক জানান, এর কাহিনী, সংলাপ, চিত্রনাট্য তার নিজেরই লেখা। ক্রাইম সাসপেন্স থ্রিলারধর্মী এ সিনেমা নিয়ে ভীষণ আশাবাদী তিনি। ক্রাইম সাসপেন্স থ্রিলারধর্মী সিনেমা নির্মাণ করা খুব কঠিন, বেসরকারিভাবে করা আরো কঠিন। তার পরও প্রযোজনা সংস্থা থেকে আমাকে সর্বোচ্চ সহযোগিতা করা হয়েছে। আমিও আমার মেধা, শ্রম দিয়ে সিনেমাটি যথাযথভাবে নির্মাণ করার চেষ্টা করেছি। এতটুকু বলতে চাই, বেসরকারিভাবে এ ধরনের সিনেমা নির্মাণে কেউই সাহস করবে না। আমি, আমরা অনেক বাধার সম্মুখীন হয়েছি। তার পরও সে বাধা পেরিয়ে সিনেমাটি নির্মাণ করেছি। এখন বাকি কাজটুকু শেষ করে সেন্সরের জন্য জমা দেব। তারপর ইচ্ছে আছে চলতি বছরেই এটি মুক্তি দেয়ার।
এদিকে এরই মধ্যে চমক মাহি ও সৌমিকে নিয়ে ‘চিড়’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের কাজও শেষ করেছেন। এটি একটি ওটিটি প্লাটফর্মে মুক্তি পাবে। তবে তার আগে দেশের বাইরে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে মুক্তি দেয়ার ইচ্ছে রয়েছে তার। পাশাপাশি অভিনয়ের কাজেও ব্যস্ত আছেন তিনি।










