‘অ্যাডফা শর্ট ফেস্ট-সিজন-১’ নামের এ উদ্যোগে পাঁচটি শর্টফিল্ম নির্মাণের জন্য ২৫ লাখ টাকা অনুদান দেবে প্রতিষ্ঠানটি। অ্যাডফার সঙ্গে যুক্ত হবে অ্যাসেন কমিউনিকেশন।
দিস ইজ ইয়োর শর্ট—এ ভাবনাকে সামনে রেখে আয়োজিত উদ্যোগটিতে নির্বাচিত হবে পাঁচটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রকল্প। যার নির্মাণে মোট ২৫ লাখ টাকা প্রডাকশন ফান্ড দেবে অ্যাসেন। চলচ্চিত্র নির্মাতা ও অ্যাডফার ম্যানেজিং কমিটির সদস্য নির্মাতা শঙ্খ দাশগুপ্ত বলেন, ‘এ ফেস্টের লক্ষ্য আমাদের কমিউনিটির নির্মাতাদের মৌলিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের সুযোগ তৈরি করা। আমাদের গল্প ও প্রতিভার অভাব নেই, প্রয়োজন সুযোগ ও সহযোগিতা। অ্যাসেনের সঙ্গে এ উদ্যোগে আমরা নতুন কণ্ঠ ও নতুন গল্প খুঁজে বের করে পাঁচটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রকে পর্দায় নিয়ে আসতে চাই।’ আয়োজকরা আরো জানান, অ্যাডফা কমিউনিটির যোগ্য নির্মাতারা একক বা দলগতভাবে একটি করে প্রকল্প জমা দিতে পারবেন এ ফেস্টে। প্রস্তাবিত চলচ্চিত্র অবশ্যই ফিকশন হতে হবে এবং এর দৈর্ঘ্য হতে হবে ৫-১৫ মিনিট। বাংলা, ইংরেজি কিংবা বাংলাদেশের যেকোনো আঞ্চলিক ভাষায় গল্প জমা দেয়া যাবে। ঘরানার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সীমাবদ্ধতা নেই।









