বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শুরু হয়েছে ‘সিদ্ধান্ত’ নাটকের মঞ্চায়ন। টানা আটদিন চলবে এ মঞ্চায়ন। গত শনিবার জাতীয় নাট্যশালা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে উন্নয়নের জন্য নাটক সিদ্ধান্তর উদ্বোধনী মঞ্চায়ন। প্রথম দিনে নাটকটির মঞ্চায়নের উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। এ সময় তিনি বলেন, ‘‌সংস্কৃতিচর্চার বার্তা প্রদানের মাধ্যমে সচেতন ও গণজাগরণ তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ নেয়া হয়েছে। বছর জুড়েই বাংলাদেশ শিল্পকলা একাডেমি বিভিন্ন আয়োজন করে থাকে। আট দিন ব্যাপী এই নাটকটির মঞ্চায়নও ঠিক সেইরকম উদ্যোগ। ভবিষ্যতে আমরা সংস্কৃতিচর্চায় এ ধারা বজায় রাখবো।’ বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থকে জানানো হয়, রাজধানীর বিভিন্ন স্থানে পরিবেশিত হবে এ নাটক। ৩০ মিনিটের নাটকটির রচনা ও নির্দেশনায় আহসান খান, সহকারী নির্দেশনা নাভেদ রহমান ও অভিনয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ। শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় ২৫ নভেম্বর পর্যন্ত চলবে এ নাট্য প্রযোজনা।