সম্প্রতি ২৫ বছরে পদার্পণ করেছে চট্টগ্রামের অন্যতম সংস্কৃতি চর্চা কেন্দ্র ফেইম স্কুল অব ডান্স, ড্রামা অ্যান্ড মিউজিক । এ উপলক্ষ্যে বছরব্যাপি নানা আয়োজন হাতে নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে দুটি দর্শকনন্দিত প্রযোজনা নিয়ে ঢাকার জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে দুই দিনব্যাপি নাট্যায়োজন করছে ফেইম। শুক্রবার ও শনিবার এ দুটি প্রযোজনা মঞ্চস্থ হবে।
শুক্রবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় ফেইম মঞ্চস্থ করবে স্যামুয়েল বেকেট এর বিখ্যাত নাটক ‘ওয়েটিং ফর গডো’ অবলম্বনে ‘প্রতীক্ষা অন্তহীন’। নাটকটি অনুবাদ করেছেন কবীর চৌধুরী। গতানুগতিক ধারার বাইরের সংলাপ বুননে এ নাটক হয়ে উঠেছে কালোত্তীর্ণ ট্র্যাজি-কমেডি। এটি ফেইম এর ২৬তম প্রযোজনা।
শনিবার (৩ সেপ্টেম্বর) মঞ্চস্থ হবে বিখ্যাত গ্রীক নাট্যকার সফোক্লেস এর কালোত্তীর্ণ ট্র্যাজেডি‘অয়দিপাউস’। নিয়তির নিষ্ঠুর ছকে যেখানে রাজা অয়দিপাউস পতিত হন করুণ পরিণতিতে। সৈয়দ আলী আহসান ও সুধাংশু রঞ্জন ঘোষ এর অনুবাদের আশ্রয়ে এটি ফেইমের পঞ্চম প্রযোজনা।
দুটি নাটকেরই ডিজাইন, পরিকল্পনা ও নির্দেশনায় আছেন এন.এস.ডি প্রাক্তণী, ফেইম পরিচালক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের শিক্ষক অসীম দাশ।
নান্দনিক নানান প্রযোজনার জন্য দেশের বাইরেও বহুল প্রশংসিত ফেইম। ভারতের ন্যাশনাল স্কুল অব ড্রামার আয়োজনে অনুষ্ঠিত অন্যতম নাট্যোৎসব ‘ভারত রঙ মহোৎসব’-এ বাংলাদেশ থেকে সর্বোচ্চ ছয় বার এবং বিশ্বের অন্যতম নাট্যায়োজন ‘৮ম থিয়েটার অলিম্পিক’-এ ফেইম প্রশংসা কুড়িয়েছে তাদের নান্দনিক প্রযোজনাসমূহ নিয়ে।










