সাধারণত বলিউডের তারকারা তাদের সম্পর্কের বিষয়টি নিয়ে অত্যন্ত গোপনীয়তা বজায় রাখেন। তবে তাপসী পান্নু তাদের থেকে আলাদা। আগ বাড়িয়ে কখনো নিজের সম্পর্কের কথা না বললেও এ বিষয়ে জিজ্ঞাসা করলে তাপসী কখনই প্রশ্নটি এড়িয়ে যাননি। এই বিষয়ে তাপসী সরলভাবে বলেন, ‘আমি কারো কাছ থেকে কিছু গোপন করতে চাই না। আমার জীবনে কারো উপস্থিতি গ্রহণ করতে পেরে আমি গর্বিত। তবে হ্যাঁ, আমি শুধু আমার সম্পর্ক নিয়ে কথা বলে খবরের শিরোনাম হতে চাই না। কারণ আমি যদি তা করি, তাহলে একজন অভিনেত্রী হিসেবে পরিশ্রম করে আমি যা যা অর্জন করেছি তার কোনো মূল্য থাকবে না।’

মাদার্স ডেতে ‘ডিয়ার মম’ নামক একটি অনুষ্ঠানে তাপসী এবং তার মা মিসেস নির্মলজিৎ পান্নু একটি সাক্ষাত্কার দিয়েছিলেন। তার সম্পর্কের বিষয়ে তাপসী বলেন, ‘আমি আমার বাবা-মায়ের কাছ থেকে কিছু লুকাই না। তবে আমি কারো ব্যাপারে সম্পূর্ণ নিশ্চিত না হয়ে তাদের সামনে আনব না।’ বর্তমানে ব্যাডমিন্টন খেলোয়াড় ম্যাথিয়াস বোয়ের সঙ্গে স্থিতিশীল সম্পর্কে রয়েছেন এ অভিনেত্রী। তিনি বিষয়টি এড়িয়ে না গিয়ে এই বলে প্রতিক্রিয়া জানান, ‘আমার জীবনে কেউ আছেন এবং আমার পরিবার এ সম্পর্কে জানে। আমার বোন এবং আমার মা-বাবার সেই মানুষটিকে পছন্দ হওয়া আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

অন্যদিকে তাপসীর মা হাসতে হাসতে বলেন,

‘হ্যাঁ, আমি তাকে পুরোপুরি বিশ্বাস করি এবং সে নিজের জন্য যাকেই বেছে নিক, আমরা তার সিদ্ধান্তে একমত। আমরা তাকে সমর্থন করব।’ তবে তিনি আরো যোগ করেছেন, বড় হয়ে তাপসী যে ছেলেদের সঙ্গে ডেটিং করছে, তার সম্পর্কে তিনি জানতেন না।