ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের আয়োজনে গতকাল সন্ধ্যায় শুরু হয়েছে ১৬তম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব ২০২২। এবারের উৎসব চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে নাটক মঞ্চায়ন হবে। ‘হে উৎসুক দৃষ্টিপাত, এ তীর্থে আসো যদি হে শ্রীজ্ঞান, কায়ায় কায়ায় সৃজিব/ নব নব জীবনের মানুষ-রূপ-আখ্যান’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ উৎসবের আয়োজন করা হয়েছে। এ উৎসবে দেশী-বিদেশী-দেশজ ও মৌলিক নাটকসহ থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের স্নাতক সমাপনী পর্বের ১৫ জন শিক্ষার্থীর নির্দেশনায় ১৫টি নাটক এবং শিক্ষক নির্দেশিত একটিসহ মোট ১৬টি নাটক প্রদর্শন হবে। নাটকগুলোয় অভিনয় করেছে বিভাগের বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীরা। 

গতকাল এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের পর্দা উঠেছে। উদ্বোধনী দিনে সন্ধ্যা সাড়ে ৬টায় তানভীর আহম্মেদের নির্দেশনায় মঞ্চস্থ হয় মুনীর চৌধুরীর ‘কবর’ নাটক। এর পর প্রদর্শিত হয়ে আরেকটি নাটক ‘ক্যাম্প’। মুহম্মদ জাফর ইকবালের লেখা থেকে ক্যাম্পের নাট্যরূপ দিয়েছেন শংকর কুমার বিশ্বাস এবং নিদের্শনা দিয়েছেন দীপম সাহা। নাটক ‘হিস্যা’ ও ‘কাকচরিত্র’ মঞ্চস্থ হবে ২ ডিসেম্বর। পরদিন ৩ ডিসেম্বর নাটক ‘দ্য গেম’ ও ‘ফুডকনফারেন্স’ প্রদর্শন হবে।  নাটক ‘ডেথ অব দ্য মুন’ ও ‘নিনামাররায়’ মঞ্চে আসছে ৪ ডিসেম্বর। ৫ ডিসেম্বর সন্ধ্যায় থাকছে ‘দ্য গিফ্ট অব দ্য ম্যাজাই’, ‘ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর’ ও ‘ফ্যাতাড়ু’ নাটক। এছাড়া ৬ ডিসেম্বর নাটক ‘চূর্ণলিপি’ ও ‘কণ্ঠনালীতে সূর্য’ এবং ৭ ডিসেম্বর ‘রূপান্তর’ ও ‘একটি আদর্শ সেবা সংস্থা’ মঞ্চস্থ হবে। উৎসবের সমাপনী দিন মঞ্চস্থ হবে মৈমনসিংহ গীতিকা অবলম্বনে দ্বিজ কানাই প্রণীত ‘মহুয়া’।