মডেল-অভিনেত্রী রিশতা লাবনী সীমানা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে  মঙ্গলবার (০৪ জুন) সকাল ৬টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর খবর নিশ্চিত করেন সীমানার ছোট ভাই এজাজ বিন আলী। মৃত্যুকালে তিনি স্বামী ও দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

চিকিৎসকেরা জানান, অভিনেত্রীর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। এরপর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরদিন আরও উন্নত চিকিৎসার জন্য সীমানাকে ধানমন্ডির আরেকটি হাসপাতালে নেয়া হয়। এরপর তাকে ঢাকার আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করানো হয়। গত শনিবার এই হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। গত বুধবার বিকেল থেকে সীমানার চিকিৎসা চলছিল ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে।

সীমানার ভাই এজাজ বিন আলী জানান, শুরুর দিকে তাকে আইসিইউতে রাখা হলেও বুধবার থেকে লাইফ সাপোর্টে রাখা হয়।  কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে সীমানা চলে যান না ফেরার দেশে। মৃত্যুকালে সীমানা স্বামী, দুই ছেলে রেখে গেছেন।

অভিনেত্রী সীমানা ২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে আসেন। তিনি ‘দারুচিনি দ্বীপ’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে সবার নজরে আসেন। সিনেমায় সাফল্যের পর নাটকে নিয়মিত অভিনয় শুরু করেন সীমানা। ২০১৬ সাল থেকে অভিনয় থেকে দূর ছিলেন। গত বছর আবারও নাটকে অভিনয় শুরু করেছিলেন এ অভিনেত্রী।