পহেলা ফাগুন ঋতুরাজ বসন্তকে বরণ করে নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এ উপলক্ষে বিভাগের উদ্যোগে তিন দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হচ্ছে আজ। ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠেয় এ উৎসবে পরিবেশিত হবে নাচ-গান, আবৃত্তি ও উপস্থিত বক্তৃতাসহ নানা আয়োজন। এসবের সঙ্গে থাকছে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা।
উৎসবে আজ থাকছে আবৃত্তি, রবীন্দ্রসংগীত, লোক গান, ছবি আঁকা, কমেডি ও দাবা খেলার আয়োজন। দ্বিতীয় দিন থাকবে দেশাত্মবোধক গান, নজরুলসংগীত, উপস্থিত বক্তৃতা, ফটোগ্রাফি ও নাচ। সব পরিবেশনায় অংশ নেবেন বিভাগের শিক্ষার্থীরা।
সমাপনী অনুষ্ঠানে সামাজিকবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমানের উপস্থিতিতে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়া ও সদ্য বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং দলীয় পরিবেশনায় আবৃত্তি, গান, নাচ, বাদ্যযন্ত্র, নাটিকা ও র্যাম্প শোয়ের আয়োজন থাকবে।
আয়োজকরা জানান, প্রতিদিন বেলা ১১টা থেকে শুরু হয়ে দিনব্যাপী এ উৎসব চলবে। এ আয়োজনের উদ্দেশ্য শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে আন্তঃসম্পর্ক জোরদার করা। তাদের আশা পুঁথিগত বিদ্যার পাশাপাশি এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের মানসিক বিকাশে সহযোগী হবে।










