কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের উপন্যাস অবলম্বনে ধারাবাহিক নাটক আগুন পাখি আসছে দীপ্ত টিভিতে। আগামীকাল থেকে প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচার হবে ধারাবাহিকটি।

ধারাবাহিকের গল্পে দেখা যাবে, শৈশবে মাতৃহারা হয় আমেনা। মাকে হারিয়ে আমেনা নিজেই যেন মা হয়ে ওঠে। কোলে তুলে নেয় ছোট ভাইকে। মায়ের মমতায় লালন করে তাকে। বাবা দ্বিতীয়বার বিয়ে করার সিদ্ধান্ত নিলে অজানা আশঙ্কায় দুলে ওঠে আমেনার মন। কেমন হবে সত্মা? সময়ের নিয়মে অনিচ্ছা সত্ত্বেও আমেনাকে বসতে হয় বিয়ের পিঁড়িতে। ভয়ে কাঁপে বুক। কেমন হবে নতুন সংসার? একান্নবর্তী সংসারের শ্বশুরবাড়িতে ঠাঁই হয় আমেনার। সময় গড়ায়। সামনে আসে বঙ্গভঙ্গের ঘটনা। সেই ঘটনার কিছু আঁচ এসে পড়ে আমেনার সংসারে। স্বাধীনতা সংগ্রামে যোগ দিতে গিয়ে মারা যায় আমেনার কিশোর বয়সী প্রথম পুত্রসন্তান। এ শোক নতুন মানুষ হিসেবে তৈরি করে কাহিনীর নায়িকা আমেনাকে। পৃথিবীজুড়ে তখন শুরু হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। সেই প্রভাবও এসে পড়ে এ বঙ্গদেশে, ভারতবর্ষে। বদলে যেতে শুরু করে জীবন। আগুনপাখি মূলত সেই মেয়ের জীবনচরিত, যার ছত্রে ছত্রে রয়েছে তার বেড়ে ওঠার গল্প। নিজেকে ছাপিয়ে যাওয়ার এক যাত্রা। পারভেজ আমিনের পরিচালনায় অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, গোলাম ফরিদা ছন্দা, আহছানুল হক মিনু, মৌটুসী বিশ্বাস, ইন্তেখাব দিনার, আজাদ আবুল কালাম, শম্পা রেজা, নাজনীন হাসান চুমকি, বৈশাখী প্রমুখ।