কয়েক বছর ধরেই বাংলাদেশের বিভিন্ন চ্যানেলে বিদেশী জনপ্রিয় সিরিজ বাংলায় ডাবিং করে প্রচার হচ্ছে। এমনকি দেশের ওটিটি প্লাটফর্মগুলোয়ও বিদেশী সিরিজ বাংলায় স্ট্রিমিং করা হচ্ছে। এর মধ্যে কয়েকটি দর্শকের জনপ্রিয়তা পেয়েছে। এক্ষেত্রে গল্পের পাশাপাশি ভালো বাংলায় ডাবিং করাটাও গুরুত্বপূর্ণ। আমাদের দেশের অনেক পেশাদার অভিনয়শিল্পী নিয়মিত বাংলা ডাবিং করছেন। আবার কেউ কেউ অবসর সময়ের কাজ হিসেবেও বিদেশী সিরিজের বাংলায় ডাবিং করাটাকে বেশ উপভোগ্য হিসেবেও নিয়েছেন। সে ধারাবাহিকতায় এবারই প্রথম বিদেশী সিরিজের বাংলা ডাবিংয়ের সঙ্গে যুক্ত হলেন নাট্যাভিনেত্রী শারমীন জোহা শশী।

অভিনেত্রী জানান, সাউথ কোরিয়ান জনপ্রিয় সিরিজ ‘রিপ্লাই ১৯৮৮’-এর বাংলায় ডাবিং করা হয়েছে ‘এসআরকে’ স্টুডিওর আওতাধীন। সিরিজটি শিগগিরই আসবে ওটিটি প্লাটফর্ম বায়োস্কোপে। সিরিজটি লিখেছিলেন লি ও-জাং ও নির্মাণ করেছিলেন সিন ও-জাং। এ সিরিজের প্রধান চরিত্র হচ্ছে ‘দক-সন’। দক-সনের বড় বেলার চরিত্রটির ডাবিং করেছেন শশী। এবারই প্রথম তিনি কোনো বিদেশী সিরিজের বাংলায় ডাবিং করেছেন। নিজের অভিজ্ঞতা বলতে গিয়ে এ অভিনেত্রী বলেন, ‘বাংলায় ডাবিং করতে গিয়ে আমি সত্যিই বারবার খুব ইমোশনাল হয়ে পড়ছিলাম। যেহেতু এ সিরিজের বাংলা নাম রাখা হয়েছে আমাদের শৈশব। সত্যিই ডাবিং করতে গিয়ে আমি আমার শৈশবেই ফিরে যাচ্ছিলাম বারবার।’

দর্শকের উদ্দেশে শারমীন জোহা শশী বলেন, ‘বিদেশী সিরিজের বা সিনেমার যেভাবে বাংলায় ডাবিং করা হয়, শিপলু ভাই বা অভি ভাই সে ধারা থেকে বেরিয়ে এসেছেন। সিরিজের সংলাপগুলো বাংলায় বলা হলে যেমন হতো, সেভাবেই ডাবিং করা হয়েছে। এতে করে দর্শক সহজে কানেক্ট হতে পারবে। আমার বিশ্বাস সিরিজটি প্রচারে এলে ভীষণ সাড়া ফেলবে। কারণ এরই মধ্যে এ সিরিজের বাংলায় ডাবিং দেখার জন্য একটা দল ভীষণভাবে অপেক্ষা করছে।’

শারমীন জোহা শশী নিয়মিত ছোট পর্দায় অভিনয় করছেন। তার অভিনয়ের ক্যারিয়ার শুরু হয়েছিল ২০০৫ সালে ‘হাজার বছর ধরে’ সিনেমা দিয়ে। এ সিনেমায় রিয়াজের বিপরীতে টুনী চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন এ অভিনেত্রী।