গানের জগতে ইমরান মাহমুদুল জনপ্রিয়। কর্মপরিধি বাড়াচ্ছেন তিনি। আসছেন উপস্থাপনায়। প্রথমবারের মতো একটি অনুষ্ঠান উপস্থাপনা করলেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। ঈদুল ফিতরের অনুষ্ঠানমালায় গানের একটি বিশেষ অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে দেখা যাবে তাকে। অনুষ্ঠানের নাম ‘ইমরান শো-বকুলে চন্দনে, গানের বন্ধনে।’
অনুষ্ঠানে কবির বকুলের লেখা ও চন্দন সিনহার গাওয়া পুরনো সাতটি গান এ প্রজন্মের ১০ জন জনপ্রিয় শিল্পীর কণ্ঠে শোনা যাবে। উপস্থাপনার পাশাপাশি ইমরান নিজেও চন্দন সিনহার গাওয়া একটি গান পরিবেশন করবেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন কবির বকুল ও চন্দন সিনহা।
উপস্থাপনা নিয়ে ইমরান বলেন, ‘টেলিভিশনে আগে কখনো উপস্থাপনা করিনি। প্রথমে ভয় পাচ্ছিলাম। কারণ একটি অনুষ্ঠান উপস্থাপনা করা সহজ কাজ নয়। তা-ও আবার আমার দুই প্রিয় ব্যক্তিকে নিয়ে। আর আমার অভিজ্ঞতাও নেই।’ কিন্তু তিনি পরামর্শ নিয়েছেন বিশেষজ্ঞদের। ইমরান বলেন, ‘কবির বকুল ভাইয়ের কাছ থেকে অনুষ্ঠানটির পুরো পরিকল্পনাটি জানলাম। শুনলাম তার লেখা আমার প্রিয় শিল্পী চন্দনদার গাওয়া কিছু গান অনুষ্ঠানটিতে আমাদের সহশিল্পীরা গাইবেন। তাছাড়া বকুল ভাই ও চন্দন ভাইয়ের সঙ্গে আমার আগে থেকেই কাজের অভিজ্ঞতা আছে। সব ভেবে পরে রাজি হলাম।’
ইমরান গান নিয়ে ব্যস্ত থাকেন। কিন্তু এরই মধ্যে সময় দিয়েছেন বিশেষ অনুষ্ঠানটির জন্য। তিনি জানান, গত ২৯ মার্চ অনুষ্ঠানটির শুটিং হয় এফডিসিতে। উপস্থাপনায় প্রথম হলেও কোনো সমস্যা হয়নি তার। এ নিয়ে তিনি আরো বলেন, ‘কোনো চিত্রনাট্য নিয়ে মুখস্থ করে উপস্থাপনা করা লাগেনি। বাস্তবের মতো আড্ডার ছলেই কাজটি করেছি। কারণ যে ১০ জন শিল্পী গান করছেন, তারা সবাই আমার সহশিল্পী। ফলে হেসেখেলেই উপস্থাপনার কাজটি করেছি। আরো বলতে হয়, বেশ মজা করেই শুটিং করেছি।’
উল্লেখ্য, অনুষ্ঠানের সাতটি গানে কণ্ঠ দিচ্ছেন রাজিব, অয়ন চাকলাদার, কিশোর, সাব্বির, খেয়া, সিঁথি সাহা, আতিয়া আনিসা, মাহতিম সাকিব, মুহিন ও ইমরান মাহমুদুল। ‘ইমরান শো-বকুলে চন্দনে, গানের বন্ধনে’র গ্রন্থনা, পরিকল্পনা ও পরিচালনা করেছেন কবির বকুল। অনুষ্ঠানটি ঈদের তৃতীয় দিন রাত ১০টা ৩০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে।










