ইউটিউবের ইতিহাসে সবচেয়ে বেশি দেখা ভিডিও ‘বেবি শার্ক ড্যান্স’। সেই ভিডিওতে শিশুশিল্পী হিসেবে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছিলেন পার্ক জিওনরুং। তখন তার বয়স ছিল মাত্র ৭ বছর। প্রায় এক দশক পর এবার সংগীতশিল্পী হিসেবে নতুন পরিচয়ে ফিরেছেন তিনি। ‘বেবি শার্ক বয়’ নামে আজ প্রথম কে-পপ ডিজিটাল সিঙ্গেল প্রকাশ করেন তিনি। খবর রয়টার্স।
পার্কের নতুন গান প্রকাশে সহযোগিতা করছে ‘বেবি শার্ক’-এর কপিরাইট মালিক পিংফং। নতুন গানটির নাম ‘ওয়েভ’। গানটির শুরুতে সেই পরিচিত বেবি শার্ক সুর শোনা যাবে। এরপর সেটি ইলেকট্রোপপ সংগীতে রূপ নেবে। গানের কথাতেও অবদান রেখেছেন পার্ক।
বেবি শার্ক ড্যান্স প্রকাশ হয় ২০১৬ সালে। ভিডিওটি এরই মধ্যে ১৭ দশমিক ২ বিলিয়নের বেশি বার দেখা হয়েছে। শিশুদের উপযোগী সহজ সুর ও নাচের কারণে গানটি দ্রুত বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে ওঠে। একপর্যায়ে গানটি যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসেও পরিবেশিত হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, টেসলার প্রধান নির্বাহী ইলোন মাস্কসহ বিভিন্ন তারকাও গানটির প্রতি আগ্রহ দেখিয়েছেন। গানটি নিয়ে তৈরি হয়েছে নানা প্যারোডি। শুরু হয়েছিল আলাদা এক নাচের প্রবণতাও।
ভিডিওতে অভিনয়ের পরও পিংফংয়ের বিভিন্ন অনুষ্ঠানে কাজ করেছেন পার্ক। তবে এবারই প্রথম একক কে-পপ শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করলেন তিনি।
পার্ক বলেন, ‘বেবি শার্ক ড্যান্স বিশ্বের বিভিন্ন মানুষের মধ্যে আনন্দ ছড়িয়েছে। এক দশক পরও অনেকে আমাকে মনে রেখেছেন। এ কারণেই সংগীতের মাধ্যমে ফের মানুষের সঙ্গে যুক্ত হওয়ার আগ্রহ তৈরি হয়েছে।’









