২০২২ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা চলচ্চিত্র ‘হাওয়া’। সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স প্রযোজিত হাওয়া মেজবাউর রহমান সুমন পরিচালিত। এ সিনেমা মুক্তির পর পরই দেশজুড়ে ব্যাপক সাড়া জাগিয়েছে। বাংলা চলচ্চিত্রের নতুন এক ধারাও বলা হয় হাওয়ার মধ্য দিয়ে তৈরি হয়েছে। এক রহস্যময় গল্প নিয়ে তৈরি সিনেমাটিতে অভিনয় করেছেন জনপ্রিয় তারকা চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ ও নাজিফা তুষি। এ সিনেমার মধ্য দিয়ে অভিনেতা হিসেবে দর্শকপ্রিয় হয়ে উঠেছেন নায়ক শরিফুল রাজ।
এবার ঈদুল ফিতরকে সামনে রেখে বিশেষ আয়োজনে প্রথমবারের মতো টেলিভিশনের পর্দায় আসছে হাওয়া। দর্শকরা সিনেমাটি দেখতে পাবেন মাছরাঙা টেলিভিশনের পর্দায়। ঈদকে কেন্দ্র করে তিনদিনব্যাপী হাওয়া প্রচার হবে। ঈদের দিন, তৃতীয় দিন ও পঞ্চম দিন বেলা ২টা ৩০ মিনিটে সিনেমাটি দেখানো হবে মাছরাঙা টেলিভিশনে।
বহুল আলোচিত এ সিনেমা কেবল বাংলাদেশেই ব্যবসায়িক সফলতা অর্জন করেনি। পাশাপাশি দর্শক-সমালোচকদের প্রশংসাও অর্জন করেছে এবং দেশের প্রেক্ষাগৃহের পাশাপাশি দেশের বাইরেও সিনেমাটি আর্থিক সফলতা অর্জন করেছে। সূত্রমতে, কেবল ভারতেই কলকাতা, হরিয়ানা, মুম্বাইসহ বেশ কয়েকটি স্ট্রেট থেকে হাওয়া লাভজনক ব্যবসা করেছে। সিনেমাটি ৪৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে দুটি বিভাগে ও ২৪তম মেরিল প্রথম আলো পুরস্কারে সমালোচকদের বিচারে সেরা চলচ্চিত্র, সেরা পরিচালকসহ পাঁচটি পুরস্কার অর্জন করেছে। সেই সঙ্গে বিশ্বদরবারে বাংলা চলচ্চিত্রকে নতুনভাবে তুলে ধরে কুড়িয়েছে দর্শকের ভালোবাসা।










