জয়া আহসান। দুই বাংলার বড়পর্দায় যার ভীষণ দাপটে। বলিউডেও নাম লিখিয়েছেন তিনি। সম্প্রতি সেই সিনেমা ‘করক সিং’-এর শুটিং শেষে শেয়ার করেন সেটে তোলা কিছু ছবি। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় খানিকটা পজিটিভ ভাইব ছড়ালেন নায়িকা।

পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী ছাড়াও জয়ার শেয়ার করা ছবিতে আছেন বলিউডের পঙ্কজ ত্রিপাঠী ও দক্ষিণ ভারতের পার্বতী থিরুবথুসহ অনেকে।

বিশেষ করে অনিরুদ্ধ ও পঙ্কজের সঙ্গে তোলা ছবিতে জয়া পাওয়া গেল অনিন্দ্য রূপে। সেই প্রশংসায় মেতেছেন নেটিজেনরা। পঙ্কজের সঙ্গে যুগলবন্দি বেশি পছন্দ করেছেন তারা।

ছবি ক্যাপশনে ‘দেবী’ অভিনেত্রী লিখেছেন, আমি অত্যন্ত আনন্দিত যে, অনিরুদ্ধ রায় চৌধুরী বা যাকে আমরা টনি দা বলে ডাকি, তার নেতৃত্বে এমন অসাধারণ টিমে কাজ করতে পেরেছি। পঙ্কজ ত্রিপাঠী এবং বাকিদের সঙ্গে কাজ করা  আমার জন্য অনেক বড় অভিজ্ঞতা।

ছবি: জয়া আহসান

তিনি বলেন, একজন শিল্পী কতটা শিখতে পারেন তার কোনো সীমা নেই। প্রতিদিন আমরা নতুন কিছু শিখি এবং এই সিনেমার শুটিং আমার জন্য একটি অতুলনীয় অভিজ্ঞতা। একজন অভিনেতা হিসাবে আমাকে সাপোর্ট দেয়ার জন্য আমি পুরো টিমকে ধন্যবাদ জানাই। পরবর্তীতে আবারও তোমাদের সবার সঙ্গে কাজ করার অপেক্ষায় থাকব।

গত বছরের ৭ ডিসেম্বর ‘করক সিং’-এর শুটিং শুরু হয়েছিল। এ সিনেমায় জয়ার সঙ্গে আরো আছেন বলিউডের সানজানা সাঙ্ঘি। চলতি বছরই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।