প্রায় এক দশক আগে কিংবদন্তি আইয়ুব বাচ্চুর পরিকল্পনায় চ্যানেল আইয়ের উদ্যোগে বাংলাদেশে শুরু হয়েছিল ‘চ্যানেল আই ব্যান্ড ফেস্ট’। প্রতি বছর ১ ডিসেম্বর দেশের সেরা ব্যান্ডগুলোর উপস্থিতিতে জমে উঠত এ উৎসব।
ব্যান্ড সংগীত নিয়ে আইয়ুব বাচ্চুর দেখা সেই স্বপ্ন আরো বিস্তৃত পরিসর পায় ২০২২ সালে। বাংলা ব্যান্ড নিয়ে আইয়ুব বাচ্চুর স্বপ্ন ও চ্যানেল আইয়ের সে উদ্যোগের সঙ্গে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা) যুক্ত হয়ে ১ ডিসেম্বর বাংলাদেশে ‘ব্যান্ড মিউজিক ডে’ বলে ঘোষণা দেয়া হয়। আর তার পরদিনই বামবা ও চ্যানেল আইয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় ‘ব্যান্ড মিউজিক ফেস্ট’। এক মঞ্চে পারফর্ম করে দেশের জনপ্রিয় সব ব্যান্ড। তবে চলতি বছর স্থগিত করা হয়েছে এ আয়োজন।
সামাজিক মাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা)। তারা বলেন, দেশব্যাপী নির্বাচনী কার্যকলাপের জন্য বহুল প্রতীক্ষিত ব্যান্ড মিউজিক ফেস্ট এ ডিসেম্বরে হচ্ছে না। নির্বাচনের পর একটা সময় নির্ধারণ করে সবাইকে জানানো হবে। বামবার ভাইস প্রেসিডেন্ট ওয়ারফেজের দলনেতা শেখ মনিরুল আলম টিপু জানান এর কারণ। বলেন, ‘রাজনৈতিক অস্থিরতা আর নির্বাচন প্রস্তুতির বিষয়টি মাথায় রেখেই এবারের আয়োজনটি করা হয়নি। তবে আমি পিছিয়ে থাকছি না। কনসার্টটি আমরা নির্বাচনের পর বড় পরিসরেই করতে চাই।’
এছাড়া বামবার সহসম্পাদক কাজী আশেকীন সাজু জানান, যথাসময়ে কনসার্টটি হচ্ছে না বলে তাদের খারাপ লাগছে, তবে রাজনৈতিক পরিস্থিতি ও দর্শকের নিরাপত্তার বিষয়টিও বিবেচনা করতে হয়েছে তাদের। তাই যথাসময়ে আয়োজনটি হয়নি। তিনি বলেন, ‘আমরা আশাবাদী, নির্বাচনের পর এবারের আয়োজনটি আরো বড় পরিসরে হবে। ভবিষ্যতে এ ইভেন্টকে আমরা দেশের বিভিন্ন জেলা ও বিদেশেও নিয়ে যেতে চাই। সে লক্ষ্য নিয়েই কাজ করছি।’
গত বছর ২ ডিসেম্বর আর্মি স্টেডিয়ামে হয় ১৬ ব্যান্ডের অংশগ্রহণে ‘ব্যান্ড মিউজিক ফেস্ট’। ২০১৩ সালে কিংবদন্তি আইয়ুব বাচ্চুর পরিকল্পনায় চ্যানেল আইয়ের উদ্যোগে বাংলাদেশে শুরু হয়েছিল ‘চ্যানেল আই ব্যান্ড ফেস্ট’। প্রতি বছর ১ ডিসেম্বর দেশের সেরা ব্যান্ডগুলোর উপস্থিতিতে জমে উঠত এ উৎসব। ব্যান্ড সংগীত নিয়ে আইয়ুব বাচ্চুর স্বপ্নকে এগিয়ে নিতেই চ্যানেল আইয়ের উদ্যোগের সঙ্গে গত বছর যুক্ত হয় বামবা।










