মিউজিক্যাল ফিল্ম নিয়ে নিত্যনতুন নিরীক্ষা হচ্ছে। এ সময়ে নতুন করে ভাবা হচ্ছে এ ধারা নিয়ে। কিন্তু সত্তরের দশকের শেষে ‘গ্রিজ’
যে সাড়া ফেলেছিল দর্শকের মধ্যে তা অপূর্ব। সে সিনেমায় স্যান্ডি চরিত্রে নারীকে নতুন করে পরিচয় করান অলিভিয়া নিউটন-জন। গানের তালে নাচ আর অসম বয়সের প্রেমের এ গল্প চার দশক পরও সিনেমা নির্মাতা ও দর্শকদের অবাক করে। বলা হয়, এখন পর্যন্ত এটিই অন্যতম সফল মিউজিক্যাল সিনেমা।
কিন্তু সিনেমাটি মুক্তি পাওয়ার সময় এটি অনেকের কাছে সমালোচিত হয়েছে। উচ্চ সুরে বাজনা, নাচ, ধূমপানের বিষয়টি নিয়ে দর্শকদের একাংশ অভিযোগ করেছিল। কিন্তু তাতে কি আর উৎসব বন্ধ থাকে। গ্রিজের গান বাজিয়ে তুমুল নেচেছে সে সময়ের তরুণ প্রজন্ম। এর পেছনে সবচেয়ে বড় অবদান অলিভিয়া নিউটনের। এ সিনেমার গান, নাচের প্রতিটি স্টেপ আর কস্টিউম অল্প সময়েই জনপ্রিয়তা লাভ করে এবং তা টিকেছিল অনেক দিন।
অলিভিয়ার জন্ম ১৯৪৮ সালে। ব্রিটিশ-অস্ট্রেলিয়ান গায়িকা অলিভিয়া প্রথম জীবনে গানের মাধ্যমেই খ্যাতি লাভ করেছিলেন। একজন কান্ট্রি সিঙ্গার হিসেবে তার এ জনপ্রিয়তা আসে। সারা বিশ্বে তার অ্যালবামের লাখ লাখ কপি বিক্রি হয়েছে। কিন্তু স্যান্ডি নামের হাই স্কুল স্টুডেন্টের চরিত্রটি তাকে ভিন্নমাত্রায় নিয়ে যায়। ১৯৭৮ সালে এটি বক্স অফিসে বৃহত্তম হিট হিসেবে চিহ্নিত। পাশাপাশি অলিভিয়ার তিনটি সিঙ্গেল তুমুল জনপ্রিয়তা লাভ করে। এর মধ্যে ‘ইউ আর দ্য ওয়ান দ্যাট আই ওয়ান্ট’
ও ‘সামার নাইটস’
গান দুটো গ্রিজে তার সহ-অভিনেতা জন ট্র্যাভোল্টার সঙ্গে পারফর্ম করেছিলেন।
অলিভিয়ার বহু গান তার সময়ে জনপ্রিয় হয়েছে। এমনকি তার সময়ের পরও জনপ্রিয়তা বজায় রেখেছে। অলিভিয়ার ক্যারিয়ার ১৯৭১ সালে শুরু হয় বলে প্রচলিত কিন্তু তার আগে থেকেই তিনি তার নিজের দেশে গানের কারণে জনপ্রিয় ছিলেন। ১৯৬৫ সালে তিনি ‘ফানি থিংস হ্যাপেন ডাউন আন্ডার’-এ অভিনয় ও গান করেন। ১৯৭০ সালের হ্যাপিনেস ভ্যালি, আশির দশকের অ্যালবাম ‘ফিজিক্যাল’
তুমুল জনপ্রিয় হয়। ২০০৬ সালেও তার অ্যালবাম মুক্তি পায়। তবে সত্তর আশির দশকের উচ্ছল অলিভিয়া এখানে অনেকটা গম্ভীর। মানুষের একাকী হূদয়ের দোলাচল ও করুণ ভাব এ অ্যালবামের গানে পাওয়া গিয়েছে।
ক্যালিফোর্নিয়ায় নিজের খামারে আত্মীয় ও পরিবার পরিবৃত হয়ে ৮ আগস্ট মৃত্যুবরণ করেছেন অলিভিয়া। তার ও সিনেমার স্মৃতিচারণ করতে গিয়ে ট্র্যাভোল্টা বলেন, ‘আমাদের জীবন বদলে গিয়েছিল ওই সিনেমার মধ্য দিয়ে।’
সিনেমার পরিচালক র্যান্ডাল ক্লেইসার বলেন, ‘তাকে আপনারা যেমন দেখেছেন তিনি তেমনই ছিলেন।’
অপরাহ উইনফ্রে লিখেছেন, ‘তার ইতিবাচকতা সংক্রামক ছিল। তোমাকে মিস করব, অলিভিয়া।’
সূত্র: ভ্যারাইটি










