রহস্য, ভয় ও টানটান উত্তেজনায় ভরা ৫৪ সেকেন্ডের এ ভিডিও প্রকাশ করা হয় গতকাল বেলা ১টায় সামাজিক যোগাযোগমাধ্যমে। ফার্স্ট লুক প্রকাশের পর থেকেই দর্শকের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল ও আলোচনা।

ফার্স্ট লুকের শুরুতেই দেখা যায় পাহাড় ঘেরা একটি মনোরম প্রান্তর। সূর্যোদয়ের কোমল আলোয় ধীরে ধীরে জেগে ওঠা সেই শান্ত পরিবেশে হঠাৎ দেখা দেয় এক নিঃসঙ্গ মানুষের উপস্থিতি। এরপর পরিস্থিতি দ্রুত বদলে যেতে থাকে। অদৃশ্য বিপদের আভাস, অস্ত্রধারীদের উপস্থিতি এবং বাঁচার মরিয়া চেষ্টার ইঙ্গিতে পুরো ভিডিওটি তৈরি করেছে শ্বাসরুদ্ধকর পরিবেশ।

ফার্স্ট লুকে স্পষ্ট হয়েছে অভিনয়শিল্পী আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও পূজা চেরীর লুক। বিভিন্ন দৃশ্যের সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিক দর্শকের মধ্যে তৈরি করেছে কৌতূহল ও আলোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ফার্স্ট লুকটির প্রশংসা করছেন।

টিজারের পুরোটা সময় ক্লান্ত, রুগ্‌ণ, উদ্বিগ্ন ও ভীত লুকে দেখা গেছে আফরান নিশোকে। অভিনেত্রী পূজা চেরীর অভিব্যক্তিতে ছিল অনিশ্চয়তা ও আতঙ্ক। অন্যদিকে আতঙ্কিত ও বিস্মিত অভিব্যক্তিতে দেখা গেছে চঞ্চল চৌধুরীকে। সব মিলিয়ে ফার্স্ট লুকটি তৈরি করেছে নানা উৎকণ্ঠা। প্রতিটি দৃশ্য যেন প্রশ্ন তুলছে—কে পালাচ্ছে, কে তাড়া করছে, শেষ পর্যন্ত কার হাতে থাকবে বেঁচে থাকার শেষ সুযোগ।

পুরো টিজারে একটি সংলাপ রয়েছে, সেটিও একেবারে শেষে এবং সেটি হলো আফরান নিশোর কণ্ঠে। যেখানে তাকে বলতে শোনা যায়, ‘আমি শাজাহান ইসলাম নূর, বাংলাদেশী মুসলমান, মনে রাইখ।’ ছোট এ সংলাপ ফার্স্ট লুককে তো বটেই, দম সিনেমাকেও শ্বাসরুদ্ধকর করে তুলছে বলে মনে করছেন দর্শক-ভক্তরা।

সিনেমার নির্মাতা রেদওয়ান রনি বলেন, ‘দম এখন আর আমাদের সিনেমা নেই, এটা এখন সবার। দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারলেই আমাদের সার্থকতা। ফার্স্ট লুকটি সিনেমার একটি সারাংশ মাত্র। আমি আগেই বলেছিলাম, এমন দুর্গম লোকেশনে বাংলাদেশের সিনেমা হয়েছে কিনা আমার জানা নেই। তার কিছু আভাস হয়তো দর্শক টিজারে পেয়েছেন। এ ভিজুয়াল আরো দুর্দান্ত হয়ে উঠেছে শিল্পী-কলাকুশলীদের প্রচেষ্টায়। এ শ্বাসরুদ্ধকর যাত্রায় সবাই আমাদের সঙ্গে থাকবেন আশা করি।’

দম সিনেমায় শাজাহান ইসলাম নূর চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। তিনি বলেন, ‘দম একটা সারভাইভাল স্টোরি, ইমোশনাল গল্প। এমন একটা সিনেমা বানাতেও দম লাগে। সেটা টিম করে দেখিয়েছে। ফার্স্ট লুকটি দর্শকের ভালো লাগছে দেখে আমাদেরও ভালো লাগছে। আশা করছি সিনেমাটাও সবার ভালো লাগবে।’

অভিনেত্রী পূজা চেরীর চরিত্রের নাম রানী। তার মতে চরিত্রটি খুব দৃঢ় ব্যক্তিত্বের। অভিনেত্রী বলেন, ‘টিজারে রানী চরিত্রটির লুক দেখা গেছে মাত্র। এর কয়েকটি লেয়ার আছে, যার মধ্যে দৃঢ়তা অন্যতম। চরিত্রটির প্রভাব নূরের কাছে কতখানি সেটা জানতে অপেক্ষা করতে হবে আর অল্প কিছুদিন। রানী চরিত্রটি রানীর মতোই বিরাজ করে সিনেমায়।’

দম সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা–আই ও চরকি। এসভিএফ আলফা–আই এন্টারটেইনমেন্টের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, ‘দম সত্য ঘটনা অবলম্বনে নির্মিত চলচ্চিত্র। গত আড়াই বছর এ চলচ্চিত্র নিয়ে আমরা কাজ করছি। আমাদের সবসময় চেষ্টা থাকে নেক্সট লেভেলের কাজ করার। বাংলা সিনেমা যে একটু একটু করে এগিয়ে যাচ্ছে, তা দম সিনেমার ফার্স্ট লুক দেখে হয়তো দর্শক বুঝতে পারছেন। আমাদের উদ্দেশ্যই ছিল দম সিনেমা দিয়ে আরেক ধাপ এগিয়ে যাওয়ার। যে ভিজুয়াল দর্শক দেখতে পেল, সেটা বাংলাদেশের সিনেমায় নতুন বলেই আমার ধারণা এবং আমাদের আধুনিক দর্শক এ ধরনের সিনেমাই দেখতে চায় বলে আমি বিশ্বাস করি।’

‘আনটিল দ্য লাস্ট ব্রেথ’ ট্যাগলাইনে দম সিনেমাটি মুক্তি পাচ্ছে ঈদুল ফিতরে। নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে সিনেমাটির চিত্রনাট্য করেছেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ ও রবিউল আলম রবি।