কয়েক বছরের তুলনায় বড় পর্দার সিনেমার মিছিল এবার বেশ সংক্ষিপ্ত। এখন পর্যন্ত শাকিব খানের ‘রকস্টার’ আর মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ ছাড়া অন্য কোনো সিনেমার প্রচারণা খুব একটা চোখে পড়ছে না।
সিনেমা হলের এ মন্দা ভাবের মাঝেই হঠাৎ আশার আলো হয়ে ধরা দিলেন চিত্রনায়ক আরিফিন শুভ।
দীর্ঘদিন ধরেই শুভর নতুন সিনেমা ‘মালিক’-এর মুক্তি নিয়ে এক ধরনের ধোঁয়াশা ছিল। চলচ্চিত্র পাড়ায় আলোচনা চলছিল—কবে দেখা মিলবে ‘মালিক’-এর? সে জল্পনা আরো উসকে দিলেন শুভ নিজেই। গতকাল দুপুরে নিজের ফেসবুক পেজে তিনটি ছবি প্রকাশ করে ভক্তদের মাঝে নতুন কৌতূহল সৃষ্টি করেছেন তিনি। নতুন এই লুকে শুভকে দেখা গেছে একদম ভিন্ন এক অবয়বে। লম্বা চুল আর সুবিন্যস্ত দাড়িতে তার রুক্ষ ও রহস্যময় লুক মুহূর্তেই নেটিজেনদের নজর কেড়েছে।
ছবির ক্যাপশনে শুভ এক রহস্যময় বার্তা দিয়ে লিখেছেন, ‘সব কিছুর শেষে একজনই থাকে... মালিক!’ তার এ বার্তার পর চলচ্চিত্রসংশ্লিষ্টদের মনে প্রশ্ন উঠেছে—তবে কি সব জল্পনার অবসান ঘটিয়ে এ কোরবানির ঈদেই বড় পর্দায় দেখা যাবে ‘মালিক’কে?
সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন ঘরানার সিনেমাটি নিয়ে ভক্তদের মাঝে প্রবল কৌতূহল আগে থেকেই ছিল। তবে ঈদের খুব কাছাকাছি সময় চলে এলেও এখন পর্যন্ত কোনো টিজার, ট্রেলার বা অফিশিয়াল পোস্টার প্রকাশ না হওয়ায় অনেকে শঙ্কার মধ্যে ছিলেন। শুভর এ রহস্যময় পোস্টের নিচে ভক্তরা তাদের মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ যেমন অধীর আগ্রহে প্রতীক্ষার কথা জানিয়েছেন, আবার অনেকে সিনেমার প্রচারণার কৌশল নিয়ে প্রশ্ন তুলেছেন। এক ভক্ত ক্ষোভ প্রকাশ করে মন্তব্য করেছেন, ‘শুধু ছবি পোস্ট করলেই কি আর সিনেমার প্রমোশন হয়? টিজার বা ট্রেলারের কোনো আপডেট নেই কেন?”
উল্লেখ্য, ‘মালিক’ সিনেমার মাধ্যমে দীর্ঘ প্রায় চার বছর পর বড় পর্দায় আবারো জুটি বাঁধছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। এর আগে ২০১৯ সালে ‘সাপলুডু’ সিনেমায় তাদের রসায়ন দারুণভাবে গ্রহণ করেছিল দর্শকা। সেই জুটির প্রত্যাবর্তন নিয়ে সাধারণ দর্শকের মাঝে ব্যাপক আগ্রহ থাকলেও পুরো বিষয়টি নিয়ে এখনো এক রকম ধরাছোঁয়ার বাইরে রয়েছেন পরিচালক সাইফ চন্দন। শেষ পর্যন্ত ‘মালিক’ ঈদে মুক্তি পাবে কিনা সে উত্তর জানতে সিনেমাপ্রেমীদের আরো কয়েকটা দিন অপেক্ষা করতে হচ্ছে।









