ঈদ মানেই হানিফ সংকেতের নাটক। প্রতি ঈদেই বর্ণাঢ্য ইত্যাদির পাশাপাশি তিনি একটি নাটকও নির্মাণ করেন। তার এবারের ঈদের নাটকের নাম ‘আলোকিত অন্ধকার’। এবারের গল্পটি মূলত পারিবারিক। একটি পরিবারের বাবা-মা, সন্তান, পুত্রবধূ সবাই মিলে অত্যন্ত সুখী একটি পরিবার। পুত্রবধূর যেমন শ্বশুর-শাশুড়িসহ পরিবারের সবার সঙ্গে চমৎকার সম্পর্ক, তেমনি পুত্রবধূকেও শ্বশুর বাড়ির সবাই অল্প সময়ের মধ্যেই আপন করে নিয়েছে। আর এ হাসি-আনন্দের মধ্যেই ঘটে বিশৃঙ্খলা, নেমে আসে বিপর্যয়। আর তা নিয়েই নাটকের গল্প এগিয়ে যায়। এ অবস্থার সঙ্গে পরিবারটি কেমন করে লড়ে যায়, তা দেখিয়েছেন হানিফ সংকেত।

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, ডলি জহুর, মীর সাব্বির, তারিন জাহান, সুভাশিষ ভৌমিক, সাবেরী আলম, নূরে কাঞ্চন, সুর্বণা মজুমদারসহ আরো অনেকে। নাটকের সূচনা সংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। সুর করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজনে মেহেদি ও কণ্ঠ দিয়েছেন অয়ন চাকলাদার। 

হানিফ সংকেত নির্মিত নাটক প্রতি বছরই এটিএন বাংলায় প্রচার হয়। এবারো তার ব্যতিক্রম হচ্ছে না। আলোকিত অন্ধকারও প্রচার হবে এটিএন বাংলায়। ঈদের দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচার হবে নাটকটি।