দিনকাল ভালো যাচ্ছে অভিনেতা ব্র্যাডলি কুপারের। সেপ্টেম্বরে মুক্তি পেয়েছিল কুপার অভিনীত ও পরিচালিত সিনেমা মায়েস্ত্রো। এতে তিনি অভিনয় করেছেন লেনার্ড বার্নস্টেইনের চরিত্রে। সংগীতের কিংবদন্তি বার্নস্টেইন। তার চরিত্রকে ফুটিতে তুলতে সর্বোচ্চ চেষ্টা করেছেন কুপার। এ কারণে সিনেমাটি বিশ্বের বহু চলচ্চিত্র উৎসবের পাশাপাশি অস্কারেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারে সেরা সিনেমা ও অভিনেতার পুরস্কারের জন্য। সম্প্রতি ভ্যারাইটি আয়োজিত এক কথোপকথনে নির্মাতা স্পাইক লি ও ব্র্যাডলি কুপার মায়েস্ত্রোর বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন। সেখানে কুপার জানান, সিনেমাটি নির্মাণের ক্ষেত্রে তিনি ক্রিশ্চিয়ান বেলকে অনুসরণ করেছেন।

এ আলোচনায় স্পাইক লি জানান, তিনি মায়েস্ত্রো তিনবার দেখেছেন। তিনি অবাক হয়ে জানতে চান এমন সিনেমা পরিচালনার পাশাপাশি কুপার তাতে অভিনয়ও করেছেন। বিষয়টি কেমন করে সম্ভব করেছেন তিনি। উত্তরে কুপার বলেন, ‘আমি ২০ বছর সিনেমার সঙ্গে আছি। অনেককে সিনেমা নির্মাণ করতে দেখেছি। নিজে অভিনয় করেছি। সিনেমা নির্মাণে এসে আমি কখনো নির্মাতার মতো ভাবি না। গল্পটার দিকে তাকাই একজন অভিনেতা হিসেবে। তারপর সিনেমা নির্মাণে যা করা প্রয়োজন মনে করি, সে অনুসারে কাজ করি।’

সিনেমা নির্মাণের ক্ষেত্রে তাহলে কুপার কী পছন্দ করেন—নিজের মতো অভিনয়? এ সম্পর্কে প্রশ্ন করলে কুপার বলেন, ‘আমি তোমার সিনেমায় অভিনয় করলে সেটা তোমার মতো করেই করব। কিন্তু আমি মায়েস্ত্রোর কথা বলছি। আমার মনে হয়েছে সিনেমাটির সঙ্গেই আমার বেড়ে ওঠা। এখানে আমি পরিচালক হলেও অভিনেতা হিসেবে সিনেমাটিকে আগে দেখেছি।’

লেনার্ডের চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য প্রয়োজন ছিল কুপার থেকে লেনার্ড হয়ে ওঠার। এ প্রসঙ্গে জানতে চাইলে কুপার জানান, তিনি ক্রিশ্চিয়ান বেল ও ড্যানিয়েল ডে লুইসকে অনুসরণ করেছেন। এ নিয়ে তিনি বলেন, ‘আমেরিকান হাসেলে আমি ক্রিশ্চিয়ান বেলকে দেখেছি। সে তার কণ্ঠের মাধ্যমে চরিত্রের সঙ্গে জুড়ে ছিল। বার্নস্টেইনের চরিত্র করার ক্ষেত্রে আমিও ভেবেছি এ রকম কিছুই করা প্রয়োজন। ড্যানিয়েল ডে লুইসের কথা তো অনেক শুনেছি। তারা সিনেমার চরিত্রে ঢোকার জন্য সেটের বাইরেও সে চরিত্রের মতো আচরণ করতেন। আমিও সে রকমই চেষ্টা করেছি।’

কুপার যে ভাষায় কথা বলেন লেনার্ডের কথার টান ছিল তা থেকে ভিন্ন। সংলাপের ক্ষেত্রে লেনার্ডের টান আনা প্রয়োজন ছিল। এজন্য কুপার একজন ভাষাবিদের সাহায্য নিয়েছেন। টিম মনিক নামের এ ব্যক্তির সঙ্গে কুপারের পরিচয় করিয়ে দিয়েছিলেন লিওনার্দো ডিক্যাপ্রিও। সিনেমা নির্মাণের পুরোটা সময় ক্রুদের নির্দেশ দেয়ার ক্ষেত্রেও লেনার্ডের সুরে কথা বলেছেন ব্র্যাডলি কুপার।

সূত্র: ভ্যারাইটি