অ্যান্থনি হপকিন্সের সঙ্গে কমল হাসানের তুলনা করলেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। কমল হাসান, নাসিরউদ্দিন শাহ ও দিলীপ কুমারের ছবি কখনো মিস করেন না তিনি।
বলিউডে নওয়াজউদ্দিনের উত্থান সবারই দৃষ্টি কেড়েছিল। তেমন কোনো ব্যাকগ্রাউন্ড ছাড়াই শুধু অভিনয় প্রতিভা দিয়ে ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিয়েছেন তিনি। স্পটলাইট পাওয়ার আগে তিনি অনেক ছবিতে ছোটখাটো চরিত্রে কাজ করেছেন। সেগুলো কাজে লাগিয়েই তিনি সফলতাকে কাছে টেনেছেন। একসময় বড় ও গুরুত্বপূর্ণ চরিত্র পেয়েছেন।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যম পিংকভিলার সঙ্গে আলাপে নওয়াজ তার শুরুর দিকের কিছু ছোট চরিত্রের সঙ্গে জড়িয়ে থাকা গল্প বলেছেন। হে রাম ছবিতে নওয়াজের সুযোগ হয়েছিল তার রোল মডেল কমল হাসানের সঙ্গে কাজ করার। নওয়াজ বলেন, সেটা খুব ছোট একটা চরিত্র ছিল। কিন্তু প্রথমবার তাকে বড় পর্দায় দেখা যাচ্ছে এটা নিয়ে খুব উত্তেজনায় ছিলেন তিন। ছবির প্রিমিয়ারে নিয়ে গিয়েছিলেন তার বন্ধুদের। কিন্তু প্রিমিয়ার শুরুর কিছু আগে কমল হাসান তাকে জানান ছবিতে নওয়াজের দৃশ্যগুলো কেটে বাদ দেয়া হয়েছে। নওয়াজের কথায় এ ঘটনায় তিনি কষ্ট পেলেও তার আইডল কমল হাসানের সঙ্গে কাজ করতে পারার আনন্দ ছিল।
প্রিয় অভিনেতা কমল হাসানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা বিষয়ে নওয়াজ বলেন, ‘আমি এমনকি এখনো কমল হাসানের অভিনয় দেখে অনুপ্রাণিত হই। তিনি একজন অসামান্য অভিনেতা। আমার মতে তিনি অ্যান্থনি হপকিন্সের মাপের একজন অভিনেতা। কোনো বিবেচনাতেই কমল হাসান আমার কাছে হপকিন্সের চেয়ে এতটুকু কম নন।’
নওয়াজ আরো বলেন, কমল হাসান, নাসিরউদ্দিন শাহ ও দিলীপ কুমারের ছবি তিনি কখনো মিস করেন না।
সময়ের সঙ্গে পার্শ্ব-অভিনেতার ধারণাটি কীভাবে বদলেছে সে বিষয়ে নওয়াজ বলেন, ‘অনেক বেশি পরিবর্তন হয়েছে এবং ইতিবাচক অর্থে। দর্শকরা এখন প্রতিভাবান অভিনয়শিল্পীদের মূল্য দেন। এটা দারুণ ব্যাপার। আমি মনে করি সামনে আরো পরিবর্তন আসবে।’
সূত্র: পিংকভিলা










