জেকে রাউলিংয়ের হ্যারি পটার সিরিজে সুপরিচিত চরিত্র প্রফেসর স্নেইপ। রুপালি পর্দায় চরিত্রটিতে দেখা যায় হলিউডের প্রখ্যাত অভিনেতা অ্যালান রিকম্যানকে। ডায়েরি লেখার অভ্যাস ছিল তার। ২০১৬ সালে মৃত্যুবরণ করা এ তারকা রেখে গিয়েছেন ২৬টির মতো পকেট ডায়েরি। ১৯৭২ সাল থেকে লেখা ডায়েরিগুলোয় উঠে এসেছে হলিউডের সিনেমা সংক্রান্ত তার নানা চিন্তা। দীর্ঘ ১১ বছর তিনি জড়িত ছিলেন হ্যারি পটারের সঙ্গে। স্বাভাবিকভাবেই বিশেষ স্থান দখল করে আছে হ্যারি পটার। ডায়েরিগুলো থেকে হ্যারি পটারকে নিয়ে লেখা উল্লেখযোগ্য অংশটুকু তুলে ধরা হলো।
২০০০ সাল
২৩ আগস্ট
সন্ধ্যা সাড়ে ৬টায় সিয়েনার ইল ক্যাম্পোয় গেলাম। রাত ৮টার দিকে প্যাশিও বার থেকে লস অ্যাঞ্জেলেসে ফোন করে হ্যাঁ বলে দিলাম হ্যারি পটারের প্রস্তাবে।
৬ সেপ্টেম্বর
জুডির (রিকম্যানের ম্যানেজার) সঙ্গে গোটা দিন পুলের ধারে কথা হলো। হ্যারি পটার নিয়ে আলোচনা চলছে।
১০ সেপ্টেম্বর
সুন্দর রৌদ্রোজ্জ্বল দিন। হ্যারি পটার বইটার প্রথম খণ্ড শেষ হলো। দ্বিতীয় খণ্ড শুরু করেছি।
২১ সেপ্টেম্বর
হ্যারি পটারের শুরু। সকাল সাড়ে ১০টায় কস্টিউম নিয়ে আলোচনা। উঁচু কলার? মোটা হাতা? লিভসডেন স্টুডিওর দিকে যাত্রা। সেখানে অপেক্ষা করছেন ক্রিস কলম্বাস (পরিচালক), ডেভিড
হেইম্যান (প্রয়োজক) এবং মেকআপ দল।
৬ অক্টোবর
জেকে রাউলিংয়ের সঙ্গে প্রথম কথা হলো। তাকে বললাম, ‘কিছু ব্যাপার কেবল আপনি আর স্নেইপ জানেন। আমার তা জানা প্রয়োজন।’
তিনি বললেন, ‘ঠিক ধরেছেন। আগামীকাল ফোন করবেন। বিষয়গুলো আসলেই অন্য কেউ জানে না।’
৭ অক্টোবর
আবারো কথা হলো রাউলিংয়ের সঙ্গে। তিনি আমাকে স্নেইপের ব্যাকগ্রাউন্ড নিয়ে কিছু ধারণা দিলেন। তার সঙ্গে কথা বলার মানে এমন একজনের সঙ্গে কথা বলা, যিনি গল্প তৈরি করেন না। বরং গল্পের মধ্যে বসবাস করেন। তিনি জানালেন যে, তরুণ বয়সে স্নেইপের সঙ্গে কী কী ঘটেছে।
১০ অক্টোবর
হ্যারি পটারের যাত্রা। বেলা ১১টার দিকে ট্রেনে করে নিউ ক্যাসল এবং পরে গাড়িতে আলনউইক ক্যাসলে (হগওয়ার্টস) যাত্রা। ক্যামেরার জন্য ৩ ঘণ্টা ধরে চলল মেকআপ।
১ ডিসেম্বর
সকাল ৭টায় গিয়ে হাজির হ্যারি পটারের জন্য। গ্রেট হলে ম্যাগি স্মিথ, জো ওয়ানামেকার, ইয়ান হার্ট, রিচার্ড হ্যারিস প্রত্যেকেই দুর্দান্ত। দৃশ্য কিংবা আমাদের ধারণা নিয়ে বড়সড় বক্তব্য ছাড়াই শুরু হয়ে গেল চিত্রধারণ। খুব সম্ভবত সময়স্বল্পতা কিংবা সিদ্ধান্ত গ্রহণে অনেক মানুষের জড়িত থাকা। স্নেইপের জন্য একটা হ্যাট তৈরি করা হয়েছে।
২০০১ সাল
২৩ অক্টোবর
ডেভিড হেইম্যান ফোনে হ্যারি পটারে আমার অভিনয়ের দারুণ প্রশংসা করল। বাসায়, ফ্যাক্সে ও প্রেসে বিপুল প্রশংসা আসছে। তবে ডেভিড হেইম্যানের ফোনটা ছিল কাকতালীয়।
৪ নভেম্বর
হ্যারি পটারের প্রিমিয়ার।
সন্ধ্যা সাড়ে ৬টায় বড় পর্দায় দেখানো হয় হ্যারি পটার। জন উইলিয়ামের স্কোরের সঙ্গে খাপ খাইয়ে নেয়ার জন্য সবকিছু ঠিক করা হয়েছে। প্রিমিয়ারের পরে স্যাভয়তে পার্টিটা আরো সুন্দর ছিল।
২০০২ সাল
১৪ জানুয়ারি
হ্যারি পটার টু। সকাল ৬টা ৫০ মিনিটে রওনা হলাম। সবার সঙ্গে দেখা হলো আবার। সব কিছু স্বপ্নের মতো লাগছে, যেন কখনো বন্ধই হয়নি আমাদের কাজ। আসলেই বন্ধ হয়নি, হবে না। রিচার্ড হ্যারিস ফ্লুতে আক্রান্ত।
৩০ জুলাই
সকাল ৭টায় স্নেইপের ক্লাসরুমে। দারুণভাবে দিনটা শুরু হলো। আলফনসো কিছুটা ক্ষেপাচ্ছিল আমাকে, তাকে পছন্দ করার কারণে ব্যাপারটাকে চলতে দিলাম। সে এখন হ্যারি পটার নিয়ে বেশ চাপে রয়েছে। ছেলেমেয়েগুলোর জন্য যথাযথ নির্দেশনা প্রয়োজন। বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে ধারণা কম।
২০০৩ সাল
১৪ এপ্রিল
হ্যারি পটার থ্রি। সকাল ৭টায় বের হলাম। আবার দেখা হলো ডেভিড থেউলিস, মাইকেল গ্যামবন, ম্যাগি স্মিথ, ওয়ারউইক ড্যাভিসের সঙ্গে। সবকিছু আগের মতোই। একটা গায়ক দল, ৩০০ ছেলেমেয়ে, একটা বক্তৃতার বাইরে আর কী প্রয়োজন!
২০০৪ সাল
২৩ মে
নিউইয়র্ক। ৪টায় হ্যারি পটার থ্রির ওয়ার্ল্ড প্রিমিয়ার। রেডিও স্টেশনে আসাটা যেন বিটলে পরিণত হওয়ার মতো। গাড়ি থেকে নামতেই হাজারো দর্শক চিত্কার করে উঠল। বিশেষ করে ড্যানিয়েল রেডক্লিফের জন্য।
২৮ সেপ্টেম্বর
হ্যারি পটার ফোর। ৭টা ৫৫ মিনিটে ড্যানিয়েল রেডক্লিফ ও রুপার্ট গ্রিন্টের সঙ্গে কাজ।
১৩ ডিসেম্বর
হ্যারি পটারের শেষ দিন? সকাল ৭টায় পেজার সঙ্গে আমার শেষ দৃশ্য। আলফনসোর মতো মাইকও বেশ চাপে রয়েছে।
২০০৬ সাল
৩০ জানুয়ারি
শেষ পর্যন্ত হ্যারি পটার ফাইভের ব্যাপারে নিশ্চিত হলাম। আবেগ খুব একটা বেশি বা কম মনে হলো না। যথারীতি আগের মতোই। আলোচনার একটা অংশ বেশ আকর্ষণীয় মনে হলো।
১২ এপ্রিল
সকাল ৬টা ৪৫ মিনিটে বের হলাম। বুঝতে পারলাম, স্নেইপের রিং ও কস্টিউম থাকলে কিছু একটা ঘটে। কথা বলা, হাসা এবং নিজেকে প্রকাশ করার মনোভাব তখন উবে যায়। চরিত্রটি আমাকে সংকুচিত করে দেয়। আমাকে বেঁধে রাখে।
২০০৭ সাল
২৭ জুলাই
হ্যারি পটারের শেষ বইটা পড়ে শেষ করলাম। নায়কোচিতভাবে মৃত্যুবরণ করে স্নেইপ। হ্যারি পটার তার সন্তানের কাছে স্নেইপকে সবচেয়ে সাহসী মানুষের একজন বলে বর্ণনা করে। ছেলেকে ডাকে আলবুস সিভিরাস।
২০০৮ সাল
৪ ফেব্রুয়ারি
হ্যারি পটার ষষ্ঠ পর্ব, হ্যারি পটার অ্যান্ড দ্য হাফ-ব্লাড প্রিন্স। প্রথম দিন।
২০০৯ সাল
২৬ নভেম্বর
সকাল ৬টা ১৫ মিনিটে বের হলাম। স্নেইপের মৃত্যু ঘটল প্রায় ১০ বছরের মাথায়।
২০১০ সাল
৯ মার্চ
হ্যারি পটারে আমাদের শেষ দিন। ৬টা ১৫ মিনিটে বের হয়ে গেলাম। ড্যানিয়েল রেডক্লিফ পর্যন্ত এ খবরে মর্মাহত। চারদিকে ক্যামেরা। আমার অনুভূতি জানতে চাওয়া হলো। ব্যক্তিগত বলে আমি কোনো রকমে এড়িয়ে গেলাম। এটা বলে বোঝানোর মতো নয়। ধন্যবাদ জো (জেকে রাউলিং)।
দ্য গ্যার্ডিয়ান অবলম্বনে আহমেদ দীন রুমি










