বলিউড অভিনেতা সালমান খান ও পরিচালক করণ জোহর নিজেদের আসন্ন পরবর্তী প্রজেক্ট নিয়ে বারবারই খবরের শিরোনাম হচ্ছেন। সর্বশেষ খবর অনুসারে তাদের পরবর্তী সিনমোর নাম ‘দ্য বুল’। সিনেমাটি পরিচালনা করবেন বিষ্ণু বর্ধন। সিনেমাটি প্রযোজনা করছে করণের ধর্মা প্রডাকশন। খবর বলিউড হাঙ্গামা।

এই সিনেমার নামকে ঘিরে অনেক জল্পনা-কল্পনা চলছিল। তবে সম্প্রতি সালমান খান নিজেই নিশ্চিত করেছেন যে তিনি ‘ দ্য বুল’ নামের একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন।

অভিনেতা জানান, ‘আমি বর্তমানে দ্য বুল নামের এক সিনেমায় কাজ করছি , এরপর দাবাং আসবে, কিক আসবে, সুরাজ(সূর্য ) আসবে, সামনে আরো ৩/৪ টি সিনেমা আসছে।’

সিনেমাটি সম্পর্কে বিস্তারিত কিছু এখনো জানানো হয়নি। তবে এটিকে একটি মিশন-ভিত্তিক অ্যাকশন থ্রিলার হিসেবে বর্ণনা করা হচ্ছে। অভিনেতা একটি আধাসামরিক অফিসারের ভূমিকায় অভিনয় করছেন বলে জানা গেছে।

এর আগে, একটি সূত্র বলিউড হাঙ্গামাকে বলেছিল, ‘বিষ্ণু বর্ধন শেরশাহের জন্য দর্শকদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছেন। এমনকি বেশ কয়েকজন সেনা কর্মকর্তার পরিবার এবং সেনা কর্মকর্তারাও তার কার্গিল যুদ্ধের উপস্থাপনায় মুগ্ধ হয়েছিল এবং এখন তার পরবর্তী সিনেমাও ভারতীয় সেনাবাহিনী নিয়ে এবং সালমান খান একজন সেনা অফিসারের ভূমিকায় অভিনয় করবেন।’

গত  ১২ নভেম্বর মুক্তি পায় সালমান অভিনীত টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি এবং যশ রাজ ফিল্মের স্পাই ইউনিভার্সের পঞ্চম ছবি টাইগার-থ্রী। যা বক্স ব্যাপক সাফল্য অর্জন করছে।