মেহজাবীন চৌধুরীর জন্মদিনে জানা গেল বড় পর্দায় তার অভিষেকের খবর। শঙ্খ দাশগুপ্তের পরিচালনায় এবার বড় পর্দায় প্রিয় মালতী হয়ে হাজির হবেন মেহজাবীন। ফ্রেম পার সেকেন্ড ও চরকির যৌথ প্রযোজনায় সিনেমাটি এ বছরের কোনো এক সময় মুক্তি দেয়া হবে সিনেমা হলে।

১৯ এপ্রিল বিকালে অর্থাৎ মেহজাবীনের জন্মদিনেই ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে সিনেমার ঘোষণা দেয়া হয়। প্রথমেই মঞ্চে আসেন মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। তিশা বলেন, ‘মেহজাবীন তার জেনারেশনের সবচেয়ে পাওয়ারফুল অভিনেত্রী। সে নিজেকে দুর্দান্তভাবে প্রস্তুত করেছে সিনেমার জন্য।’ এরপর মঞ্চে আসেন আশফাক নিপুন ও এলিটা করিম। তারাও মেহজাবীনের প্রশংসা করেন। 

ফ্রেম পার সেকেন্ডের প্রযোজক আদনান আল রাজীব বলেন, ‘প্রিয় মালতীর গল্পটা একদম ইউনিক। গল্পটা শঙ্খ (পরিচালক) যখন আমাদের সঙ্গে শেয়ার করে, তখনই সবাই পছন্দ করি। এমন গল্প আমরা কখনো দেখিনি। সেই সঙ্গে মেহজাবীন এ সিনেমায় যুক্ত হওয়ায় সিনেমায় অন্য একটা মাত্রা যোগ হয়েছে।’

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘গুণী পরিচালক, গুণী অভিনেত্রীসহ দুর্দান্ত একটা টিম এ সিনেমার সঙ্গে যুক্ত হয়েছে। সিনেমা হলে দর্শকের কাছ পর্যন্ত পৌঁছানোটা এখন আমাদের অপেক্ষা।’

রিয়েলিটি শো দিয়ে বিনোদন জগতে যাত্রা করেছিলেন আজকের মেহজাবীন চৌধুরী। বড় পর্দায় নিজের প্রথম সিনেমা নিয়ে তিনি বেশ খুশি। তিনি বলেন, ‘জন্মদিনে সিনেমার ঘোষণাটা আমার জন্য খুব স্পেশাল। এতে দর্শক ভিন্ন এক মেহজাবীনকে দেখতে পাবে। এমন একটা টিমের সঙ্গে কাজ করতে পেরে নিজেকে সত্যিই ভাগ্যবান মনে হচ্ছে।’

সিনেমার গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরে প্রিয় মালতী সিনেমার শুটিং হয়েছে। ঢাকা-বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে ধারণ হয়েছে দৃশ্য। মেহজাবীনের সঙ্গে এ সিনেমায় অভিনয় করেছেন নাদের চৌধুরী, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ আরো অনেকে।

পরিচালক শঙ্খ দাশগুপ্ত বলেন, ‘ফিল্ম মেকিংটা আমার কাছে সবসময় কষ্টের কাজ মনে হয়। তবে প্রিয় মালতী কাজটা আমার জন্য একদম সহজ করে দিয়েছেন দুই প্রযোজক। আমি শুধু নির্মাণ ও গল্প নিয়েই ভেবেছি। সেই সঙ্গে যাদের কাস্ট হিসেবে চিন্তা করেছি তাদের সঙ্গে পেয়েছি। মেহজাবীনের মতো অভিনেত্রীকে নিয়ে কাজ করতে পারাটাও আনন্দের।’

সিনেমার ঘোষণার পাশাপাশি কেক কেটেও উদযাপন করা হয় মেহজাবীনের জন্মদিন। এ আয়োজনে উপস্থিত ছিলেন মোস্তফা সরয়ার ফারুকী, নুসরাত ইমরোজ তিশা, আশফাক নিপুন, এলিটা করিম, মোস্তফা মন্ওয়ার, জেফার রহমান, রাকা নওশীন নাওয়ারসহ আরো অনেকে।