গতকাল দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এর দুর্লভ স্ক্রিপ্টের কপি রাখা হয়েছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের জাদুঘরে। ‘মুখ ও মুখোশ’-এর অন্যতম প্রযোজক নুরুজ্জামানের মেয়ে ড. জেসমিন জামান সিনেমাটির স্ক্রিপ্ট, স্থিরচিত্র ও গান রেকর্ডিংয়ের পিয়ানো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. নিজামূল কবীর। হস্তান্তরের সময় আরো উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফারুক আহমেদ, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক ড. মো. মোফাকখারুল ইকবালসহ অনেকে।
প্রযোজক নুরুজ্জামানের মেয়ে ড. জেসমিন জামান বলেন, ‘ছবির স্ক্রিপ্টের জন্য ফিল্ম আর্কাইভ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। বাবার মৃত্যুর পর তার অনেক কিছুই আমরা পরম যত্নে রেখেছি। আমরা মনে করি, এগুলো দেশের মানুষের। তাই এগুলো জাদুঘরে রাখা হলে সবাই দেখতে পারবে, বাবার সম্পর্কে জানতে পারবে। এর পরই ফিল্ম আর্কাইভে এসব দেয়ার সিদ্ধান্ত নিই।’
পিয়ানোটি নিয়ে বলতে গিয়ে তিনি জানান, ‘পিয়ানোটি লন্ডনের জেঅ্যান্ডজে হপকিন্সের, যা নির্মিত হয়েছে ১৮৮১-৯২ সালের মধ্যে। নুরুজ্জামান একজন সংগীত অনুরাগী ছিলেন এবং পিয়ানোটি নিজেই বাজাতেন।’
১৯৫৬ সালের ৩ আগস্ট মুক্তি পায় ‘মুখ ও মুখোশ’। সিনেমাটি পরিচালনা করেছেন আব্দুল জব্বার খান। সিনেমাটির অর্থায়ন ও চিত্রায়ণে সহায়তা করে ইকবাল ফিল্মস। ঢাকার রূপমহল, চট্টগ্রামের নিরালা, নারায়ণগঞ্জের ডায়মন্ড আর খুলনার উল্লাসিনী প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পায় ‘মুখ ও মুখোশ’।










