দর্শকপ্রিয় তারকাদের একজন তারিন জাহান। নিয়মিত পর্দায় দেখা যায় এ অভিনেত্রীকে। দুদিন আগেই নতুন নাটকের শুটিং শুরু করেছেন তারিন। নাটকটির নাম ‘সাগরকন্যা’। অনিমেষ আইচের লেখা এ নাটকের নাম ভূমিকায় অভিনয় করছেন তারিন জাহান। প্রযোজনায় আছেন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) প্রযোজক মাহবুবা ফেরদৌস।
তারিন জাহান বলেন, ‘সত্যি কথা হলো এর আগে আমার কখনো কুয়াকাটা যাওয়া হয়নি। বরিশালে লঞ্চে যেতেও আমার খুব ভালো লাগে। এই শীতের মধ্যে ঢাকার বাইরে শুটিং করাটা আমি ভীষণ উপভোগ করি। সাগরকন্যা নাটকটির গল্পটা সুন্দর।’
বিটিভির হাত ধরেই ক্যারিয়ারের সূচনা তারিনের। বিটিভির একাধিক জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন তিনি। বিটিভির বিষয়টি আসতেই এ নিয়ে তারিন বলেন, ‘নাটক নির্মাণের ক্ষেত্রে বিটিভি এখন আরো বেশি সচেতন। নাটক কীভাবে ভালো করা যায় সেদিকে বিটিভির বিশেষ দৃষ্টি রয়েছে। গল্পের প্রয়োজনে যদি বিটিভির বাইরে শুটিং করতে হয়, তাও করা হচ্ছে। মূলকথা বিটিভি এখন নাটক নির্মাণের ক্ষেত্রে আগের চেয়ে আরো অনেক বেশি সিরিয়াস। এটা অনেক ভালো একটি দিক। ধন্যবাদ মাহবুবা আপাকে।’
অন্যদিকে সম্প্রতি ‘স্বর্ণমানব-৫’ নাটকের শুটিং শেষ করেছেন তারিন। এ নাটকের মধ্য দিয়ে প্রথমবারের মতো কাস্টমস অফিসারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে। এসএ হক অলীকের নির্দেশনায় এ নাটকে তারিনের বিপরীতে আছেন মোশাররফ করিম।
শিশুশিল্পী হিসেবে মিডিয়ায় পথচলা শুরু করেছিলেন তারিন জাহান। সকাল সন্ধ্যা ধারাবাহিক নাটকে শিশু চরিত্রে তারিন প্রথম অভিনয় করেন। তারপর তিনি ১৯৮৮ সালে শহীদুল্লা কায়সারের লেখা উপন্যাস অবলম্বনে নির্মিত ধারাবাহিক নাটক সংসপ্তকে শিশু চরিত্রে অভিনয় করেন। তিনি প্রথম প্রধান চরিত্রে অভিনয় করেন তৌকির আহমেদের সঙ্গে কাঁঠাল বুড়ি নাটকে।










