অস্কারে প্রতি বছরের মতো এবারো থাকছে বেশকিছু আন্তর্জাতিক সিনেমা। আসলে হলিউডের বাইরের সিনেমা নিয়ে আলাদাই বিভাগ আছে অস্কারে। সেখানে বাছাই করা কয়েকটি বিদেশী সিনেমা শর্টলিস্টেড হয়। এবার এর ইন্টারন্যাশনাল ফিচার বিভাগে আছে ১৫টি সিনেমা। প্রতি বছরই বিদেশী এ সিনেমাগুলো নিয়ে দর্শকের থাকে আগ্রহ। সাধারণত হলিউড সিনেমার তুলনায় ভিন্ন হয় আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগের সিনেমাগুলো। এর মধ্যে থাকে অন্য রকম স্বাদ ও দর্শন। সে কারণেই সিনেমাগুলো নিয়ে আগ্রহী হন দর্শক। এবারো জাপান, তিউনিসিয়া, মরক্কো বা ইউক্রেনের সিনেমা নিয়ে আগ্রহ দেখা যাচ্ছে অনেকের। তালিকায় আছে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির সিনেমা।
প্রথমবারের মতো অস্কারে শর্টলিস্টেড হয়েছে ইউক্রেনের সিনেমা। মিতস্লাভ চেরনভ পরিচালিত সিনেমাটির নাম ‘টোয়েন্টি ডেজ ইন মারিউপল’। সিনেমাটি নির্মিত হয়েছে ইউক্রেনের ওপর রুশ আগ্রাসন নিয়ে। সিনেমাটি এর আগে সানডান্স ফিল্ম ফেস্টিভ্যালে প্রশংসা পেয়েছিল।
আর্মেনিয়া থেকে লড়ছে আমেরিকাতসি। অর্থাৎ আমেরিকান। সিনেমাটি পরিচালনা করেছেন মাইকেল আ. গুরজিয়ান। যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর এক আর্মেনিয়ান গ্রেফতার হন। এ নিয়েই সিনেমাটি নির্মাণ করা হয়েছে। এ সিনেমা উডস্টক ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শন হয়েছিল। সেখানে বেস্ট ন্যারেটিভ ফিচার ফিল্মের পুরস্কার পেয়েছিল।
‘ফলেন লিভস’ নামের সিনেমাটি এসেছে ফিনল্যান্ড থেকে। পরিচালক আকি কুরিসমাকি। গোল্ডেন গ্লোবে দুটি মনোনয়ন পেয়েছিলেন তিনি। তালিকায় তার অবস্থান তাই অনেকটাই শক্ত। এছাড়া স্ক্রিন জুরি গিল্ডেও পুরস্কৃত হয়েছিলেন।
এদিকে তিউনিসিয়া থেকে এসেছে কোথার বেন হানিয়া পরিচালিত ‘ফোর ডটার্স’। এ সিনেমাকে অনেকে তথ্যচিত্র ঘরানার বলছেন। তবে এটিকে ফিচার ফিল্ম হিসেবেই উপস্থাপন করা হয়েছে এবং ফিচার বিভাগেই মনোনীত হয়েছে। কান চলচ্চিত্র উৎসবে সিনেমাটি প্রদর্শিত হয়েছিল এবং সেখানে এটি অর্জন করে গোল্ডেন আই। সে কারণে মনে করা হচ্ছে অস্কারে ফোর ডটার্স শক্ত অবস্থানে থাকবে।
আইসল্যান্ড থেকে অস্কার শর্টলিস্টে মনোনীত হয়েছে ‘গডল্যান্ড’। সিনেমাটির একটি বিশেষত্ব হচ্ছে, এটি প্রযোজিত হয়েছে যৌথভাবে ডেনমার্ক ও আইসল্যান্ড থেকে। এদিকে শর্টলিস্টে আরো আছে ইতালির সিনেমা ‘লো ক্যাপিতানো’। সিনেমাটি পরিচালনা করেছেন ম্যাতেও গারোন। এর প্রিমিয়ার হয়েছিল ভেনিস চলচ্চিত্র উৎসবে।
ভুটান থেকে গতবার অস্কারে মনোনীত হয়েছিল পাও চয়নিং দর্জির ‘লুনানা: আ ইয়াক ইন দ্য ক্লাসরুম’। সে মর্যাদা এবারো ধরে রেখেছেন দর্জি। এবার শর্টলিস্টে আছে দর্জির আরেকটি সিনেমা। এর নাম দ্য মঙ্ক অ্যান্ড দ্য গান। ২০০৬ সালের ভুটানের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে সিনেমাটি। ‘দ্য মাদার অব অল লাইজ’ সিনেমাটি মরক্কোর। এর নির্মাতা আসেম এল মদির। ডকুমেন্টারি ধাঁচের সিনেমাটি পরিচালকের দ্বিতীয় সিনেমা।
জাপান থেকে শর্টলিস্টেড হয়েছে ‘পারফেক্ট ডেজ’। সিনেমার পরিচালক উইম ওয়েনডারস। এই প্রথমবার জাপান তাদের সিনেমা পাঠানোর ক্ষেত্রে জাপানের বাইরের একজন নির্মাতার সিনেমা পাঠিয়েছে।
সূত্র: স্ক্রিন ডেইলি










