আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। ইতিহাসের জঘন্যতম, নৃশংস হত্যাকাণ্ড ঘটে ১৯৭৫ সালের এ কালরাতে। স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে এদিন গোটা বাঙালি জাতিকে কলঙ্কিত করা হয়েছিল। প্রতি বছর শোক দিবস স্মরণে টেলিভিশনে থাকে নানা আয়োজন। এ ধারাবাহিকতায় আজ বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে একাধিক বিশেষ অনুষ্ঠান। ধানমন্ডির ৩২ নং থেকে সকাল ৬টা ১৫ মিনিটে সরাসরি সম্প্রচারিত হবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ এবং সশস্ত্র বাহিনীর গার্ড অব অনার প্রদান অনুষ্ঠান। টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিস্থল থেকে প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে সকাল ১০টায়। শিশুতোষ অনুষ্ঠান ‘তুমি বাংলার ধ্রুবতারা’ প্রচারিত হবে দুপুর ১২টা ১৫ মিনিটে। গান, কবিতা, পুঁথিপাঠে সাজানো এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে ৬৪ জেলার শিশু-কিশোররা। ডকুড্রামা “হাসিনা: এ ডটার’স টেল” প্রচারিত হবে বেলা সাড়ে ৩টায়। প্রামাণ্য অনুষ্ঠান ‘ফেমে বাঁধা সেই মুখগুলো’ প্রচারিত হবে ৬টা ২০ মিনিটে।

লিটু সাখাওয়াতের রচনা ও মাহবুবা ফেরদৌসের প্রযোজনায় নাটক ‘শ্রাবণ মন’ প্রচারিত হবে রাত ৯টায়। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শংকর সাওজাল, ডলি জহুর, শাহেদ শরীফ খান, মিলি মুন্সি, নাফিরা, রওনক বিশাখা শ্যামলী, কামরুজ্জামান সবুজ ও নীতিকা। রাত ১১টা ৫ মিনিটে থাকছে শোক দিবস প্রসঙ্গে বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান।

বাংলাভিশনে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘বজ্রকণ্ঠে বঙ্গবন্ধু’। অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকছেন মন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক এমপি ও কণ্ঠশিল্পী দেবলীনা সুর। আর টিভিতে রাত ৮টায় প্রচারিত হবে জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষ নাটক ‘আমি মায়ের কাছে যাবো’। অন্তর রহমান ও মোহাম্মদ ফরিদ উদ্দিনের পরিচালনায় এতে অভিনয় করেছেন তারিন জাহান, ফজলুর রহমান বাবু, সাবেরী আলম, সাবিহা জামান, শিশুশিল্পী দিহান ও সানজিদ।

চ্যানেল আইতে আজ রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে সহিদ রাহমানের গল্প ‘মহামানবের দেশে’ অবলম্বনে নির্মিত নাটক ‘প্রতিরোধযুদ্ধে দুই বীর’। রাত ৯টা ৩৫ মিনিটে রয়েছে শাইখ সিরাজের পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনায় বিশেষ অনুষ্ঠান ‘মাটি ও মানুষের মহান নেতা’। রাত ১০টায় থাকছে কারা জীবনে বঙ্গবন্ধুর লেখা চিঠি নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘কারাগারের চিঠি’।

মাছরাঙা টেলিভিশনে সন্ধ্যা ৬টায় প্রচারিত হবে শিশুতোষ চলচ্চিত্র ‘আমাদের বঙ্গবন্ধু’। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে প্রামাণ্যচিত্র ‘টুঙ্গিপাড়ার খোকা’। সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে রয়েছে চলচ্চিত্র “হাসিনা: এ ডটার’স টেল”। নাটক ‘সারথি’ প্রচারিত হবে রাত সাড়ে ১০টায়। শুভ্র আহমেদের পরিচালনায় এতে অভিনয় করেছেন রওনক হাসান, জয়ন্ত চট্টোপাধ্যায় প্রমুখ। এটিএন বাংলায় আজ রাত ৮টা ৪৫ মিনিটে থাকছে বিশেষ নাটক ‘একজন কফিলুদ্দিন’। ‘মহামানবের দেশে’ গল্প অবলম্বনে নির্মিত কাহিনীচিত্রটি রচনা করেছেন সহিদ রাহমান। নাট্যরূপ দিয়েছেন বিদ্যুৎ রায় এবং পরিচালনায় সুমন ধর। দীপ্ত টিভিতে সকাল ৭টা ৫০ মিনিটে প্রচারিত হবে বিশেষ প্রমাণ্যচিত্র ‘পিতার নিবাস’। গবেষক ও প্রযোজক ব্রাত্য আমিন। সকাল ৮টা ১৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ প্রামাণ্যচিত্র ‘শেষ প্রহরের আগে’। ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যাকাণ্ডের ষড়যন্ত্র এবং সে দুঃসহ হত্যাযজ্ঞের স্মৃতিচারণার ওপর নির্মিত হয়েছে এ প্রামাণ্যচিত্র।