পর্দা উঠেছে ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। গতকাল বিকাল ৪টায় রাজধানীর জাতীয় জাদুঘরে উৎসবের উদ্বোধনী আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। রেইনবো চলচ্চিত্র সংসদ আয়োজিত এ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, এমপি। বিশেষ অতিথি ছিলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং উপমহাদেশের প্রখ্যাত অভিনেত্রী শর্মিলা ঠাকুর। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উৎসবের প্রধান পৃষ্ঠপোষক শাহরিয়ার আলম এমপি। 

উদ্বোধনী অনুষ্ঠানে উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামাল বলেন, ‘শত প্রতিবন্ধকতার মাঝেও আমরা চেষ্টা করছি উৎসবটি ভালোভাবে করতে। এ বছরে ৭৪ দেশের ২৫২টি চলচ্চিত্র প্রদর্শিত হবে এবং আমাদের অন্যান্য সেগমেন্টের মাধ্যমে দর্শক উপকারী হবে। এবং তরুণ নির্মাতারা এ উৎসবের মাস্টার্স ক্লাস এবং উইমেন ফিল্ম মেকারস কনফারেন্সের মাধ্যমে উপকারী হবেন।’

উদ্বোধনী সিনেমা হিসেবে চলচ্চিত্র উৎসবের প্রথম দিনে ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম নির্মিত ঢাকার অভিনেত্রী জয়া আহসান অভিনীত ‘ফেরেশতে’ দেখানো হয়েছে। এরপর সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হয়েছে বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনায় শ্যাম বেনেগাল নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’।

দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আসরে অংশ নিতে শুক্রবার সন্ধ্যায় ঢাকা আসেন শর্মিলা ঠাকুর। উৎসবের শেষ দিন পর্যন্ত ঢাকায় থাকবেন শর্মিলা ঠাকুর। এ উৎসবে এশিয়ান প্রতিযোগিতা বিভাগে ছবিগুলো দেখে সেরা ছবি বাছাইয়ের ভার থাকবে তার ওপর। এ উৎসবের অংশ হিসেবে আজ ও আগামীকাল জানুয়ারি চলচ্চিত্রে নারীর ভূমিকা নিয়ে ‘দশম আন্তর্জাতিক উইমেন ফিল্ম মেকারস কনফারেন্স’ আয়োজন করা হবে। আজ সকাল সাড়ে ৯টায় ঢাকা ক্লাবের স্যামসন লাউঞ্জে মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মাধ্যমে কনফারেন্স উদ্বোধন করবেন শর্মিলা ঠাকুর।

উৎসবের অংশ হিসেবে ২৭ জানুয়ারি দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে মাস্টার ক্লাস। চীনের চলচ্চিত্র পণ্ডিত ড. শি চুয়ান, ইরানের প্রখ্যাত চলচ্চিত্রকার মাজিদ মাজিদি এবং ভারতীয় অভিনয়শিল্পী ও নির্মাতা অঞ্জন দত্ত মাস্টার ক্লাস নেবেন। এবারের আসরে বাংলাদেশসহ ৭৪টি দেশের ২৫২টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এর মধ্যে বাইরের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ১২৯টি, স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্র ১২৩টি। বাংলাদেশের চলচ্চিত্র রয়েছে ৭১টি।  বাংলাদেশ প্যানারোমায় এ বছর থাকছে মোট ১২টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এর মধ্যে ‘মুজিব’ ছাড়াও রয়েছে বাড়ির নাম শাহানা, নোনা পানি, মনলোক, মুন্তাসির, আজব ছেলে, ইতি চিত্রা, জাস্ট অ্যা জোক ডার্লিং, লীলাবতি নাগ, মেঘের কপাট, সাবিত্রী ও ইছামতি।