ডিসেম্বরের প্রথম দিন মুক্তি পেয়েছিল সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত অ্যানিমেল। সিনেমাটি মুক্তির পর থেকে নানা সমালোচনার মধ্য দিয়ে গেছে। সমালোচনা ফুরাচ্ছেই না এ সিনেমা নিয়ে। সম্প্রতি সন্দীপ সম্পর্কে একটি নতুন তথ্য এসেছে। তথ্যটি জানিয়েছেন অ্যানিমেলের পার্শ্ব অভিনেতা সিদ্ধান্ত কারনিক। তিনি জানান, সিনেমা নির্মাণের জন্য সন্দীপের পরিবার জমি পর্যন্ত বিক্রি করেছে।

অ্যানিমেল মুক্তির আগে থেকেই নারী বিদ্বেষী বক্তব্যের কারণে সমালোচিত সন্দীপ। অ্যানিমেল মুক্তির পর সিনেমার কারণেও তিনি সমালোচিত হন। এ নিয়ে কিছুটা ক্ষোভ প্রকাশ করেছেন সিদ্ধান্ত। তিনি মনে করেন, দর্শক বা সমালোচকরা সিনেমা নির্মাতার সংগ্রাম নিয়ে কখনো চিন্তা করে না। 

সিদ্ধান্ত বলেন, ‘আমরা তার শিল্প দেখেছি। তা নিয়ে কিছু বলব না। বরং তার ব্যক্তি জীবনের কথা বলা যাক। আপনারা অনেকেই তা জানেন না। আমি তার (সন্দীপ) ভাইয়ের কাছে শুনেছি। জীবনের শুরুর দিকে ভাঙ্গা সহকারী পরিচালক ছিলেন। সহজে কোনো কাজ পাচ্ছিলেন না তিনি। কিন্তু সিনেমাই ছিল তার ধ্যান। এ সময় তিনি সিনেমা নির্মাণ করতে চান এবং বন্ধুদের নিয়ে একটি গ্রুপ তৈরি করেন। কিন্তু সিনেমার জন্য তার কাছে অর্থ ছিল না। কিছু জোগাড় করেছিলেন, কিন্তু আরো দেড় কোটি রুপি প্রয়োজন ছিল। এ সময় তার পরিবারই পাশে দাঁড়িয়ে ছিল। পৈতৃক সম্পত্তির ৩৬ একর জমি বিক্রি করেছিলেন সন্দীপ ও তার পরিবার। এ জমিতে আম চাষ হতো। কিন্তু সিনেমার জন্য সে জমির পরোয়া করেননি।’

কারনিক মনে করেন, সেদিন পরিবার সঙ্গে ছিল বলেই ভাঙ্গা এগোতে পেরেছিলেন। তার মতে, ‘ভাঙ্গার পরিবারের সাহস আছে। তার ভাই আইটি কোম্পানির চাকরি ছেড়ে এসেছিলেন ভাইকে সাহায্য করতে। এরপর দেখুন কী হলো। তার দ্বিতীয় সিনেমা শহীদ কাপুরের সঙ্গে। ১০০ কোটি রুপি ব্যবসা করে। তৃতীয় সিনেমা রণবীর কাপুরের সঙ্গে। ৮০০ কোটি রুপির বেশি আয় করল। কিন্তু এসব সাফল্যের কথা তো কেউ বলে না। নির্মাতার জীবনের গল্পও জানা উচিত।’

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস