ফিল্ম ইন্ডাস্ট্রিতে সুবাতাস বইছে দেশে। একের পর এক সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। চলতি বছরের ১৬ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে আসছে মামনুন হাসান ইমন আর নিশাত নাওয়ার সালওয়া অভিনীত সিনেমা ‘বীরত্ব’। সম্প্রতি সিনেমাটির গান প্রকাশিত হয়েছে, যেটি দর্শক মহলে প্রশংসা পাচ্ছে। দেশে মুক্তির পর যুক্তরাষ্ট্র, কানাডা ও ভারতের চারটি রাজ্যে সিনেমাটি মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।
২০২০-এর শেষ দিকে করোনা চলাকালে সিনেমাটির শুটিং শুরু হয়। কভিড-১৯-এর স্বাস্থ্য সুরক্ষা বজায় রেখে শতাধিক লোকেশনে সিনেমাটির শুটিং শেষ হয় ২০২১ সালের দিকে। পিং পং এন্টারটেইনমেন্টের ব্যানারে সিনেমাটি পরিচালনা করেছেন সাইদুর রহমান রানা। এটি তার পরিচালিত প্রথম সিনেমা। পরিচালনার পাশাপাশি সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপও লিখেছেন তিনি। নারী পাচার, মানব সম্পর্ক ও লম্বা জার্নির গল্প নিয়ে এগিয়েছে বীরত্ব-এর গল্প।
এ নিয়ে পরিচালক সাইদুর রহমান রানা বলেন, ‘আমরা প্রায় ১২০টির বেশি লোকেশনে কাজ করেছি। একই লোকেশনে একাধিক শট নেই বলা যায়। আমার বিশ্বাস এজন্য পুরো সিনেমা দেখে বোর হবেন না দর্শক, বরং বারবার ইমোশনাল হবেন। সেপ্টেম্বরে সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে আসছে। আমাদের পরিকল্পনা আছে এরপর যুক্তরাষ্ট্র, কানাডা ও ভারতের চারটি রাজ্যে বীরত্ব মুক্তি পাবে।’
চিত্রনায়ক ইমন জানান, ‘এ সিনেমায় দর্শক আমাকে একজন মফস্বলের ডাক্তারের চরিত্রে দেখতে পাবে। সিনেমাটি মুক্তির জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর ২০১৮ সালে প্রথম রানারআপ নিশাত নাওয়ার সালওয়া। বীরত্বে ইমনের বিপরীতে অভিনয় করছেন তিনি। এর আগে দুটি সিনেমায় অভিনয় করছেন এ অভিনেত্রী। বীরত্ব তৃতীয় সিনেমা হলেও তার অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা হতে যাচ্ছে এটি। এ অনুভূতি নিয়ে তাকে প্রশ্ন করা হলে জবাবে সালওয়া বলেন, ‘বীরত্ব
নিয়ে প্রথমবার আমি বড় পর্দায় হাজির হচ্ছি। ভালো লাগছে আবার ভয়ও করছে। এ সিনেমা নিয়ে প্রত্যাশা আছে, এখন দেখা যাক কী হয়। এখন তো আমাদের বাংলা সিনেমার ভালো সময় যাচ্ছে। দুটো সিনেমা খুব ভালো করেছে। ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে আমরা যারা জড়িত আমরা সবাই বিষয়টি নিয়ে খুশি। সিনেমাটি মুক্তির পর বুঝতে পারব এটা দর্শকের কেমন লেগেছে।’
সিনেমাটির শুটিং নিয়ে জানতে চাইলে এ অভিনেত্রী বলেন, ‘সম্প্রতি বীরত্ব সিনেমার গান প্রকাশিত হয়েছে। এটা নিয়ে খুব ভালো সাড়া পাচ্ছি। এ গানটার শুটিং হয়েছে সিলেটে। আমার দেশের বাড়ি সিলেটে, তাই এটায় কাজ করার সময়ে অন্য রকম ভালো লাগা কাজ করেছে। আর পুরো সিনেমায় কয়েকটা লোকেশনে শুটিং হয়েছে। বেশির ভাগ শুটিংয়ের কাজ হয়েছে রাজবাড়িতে।’
সালওয়া অভিনীত ‘স্বপ্ন দেখা রাজকন্যা’
আর ‘এই তুমি সেই তুমি’
সিনেমা দুটির কাজ হয়ে গেলেও এখনো মুক্তি পায়নি। কবে প্রেক্ষাগৃহে আসতে চলেছে সিনেমা দুটি এ প্রশ্ন করা হলে সালওয়া বলেন, ‘মোস্তাফিজুর রহমান মানিক ভাইয়ের স্বপ্ন দেখা রাজকন্যা হয়তো এ বছরেই মুক্তি পেতে পারে। অন্যদিকে কবরী সারোয়ার আপা পরিচালিত এই তুমি সেই তুমির
মুক্তি নিয়ে কিছু বলতে পারছি না। আপা আমাদের মাঝে নেই। সিনেমাটার পুরো কাজ শেষ। অল্প কিছু বাকি আছে। এটা সরকারি অনুদানের সিনেমা, তাই কিছু ব্যাপার সমাধান হলেই শুনেছি এটার কাজ হবে। এখনো সিনেমাটার বিষয়ে আমার সঙ্গে যোগাযোগ করা হয়নি। তবে আবার শুটিংয়ের ডেট দিলেই এ সিনেমায় আমার বাকি অংশের কাজ শেষ করবে। যদিও এই তুমি সেই তুমিতে আমার ডাবিংও শেষ হয়ে গিয়েছে।’
চলতি বছরের জুনে সেন্সর পায় বীরত্ব। মুক্তির আগেই এ সিনেমার ‘ভালোবাসা বলা হয়ে যায়’ গানটি দর্শক মহলে সাড়া ফেলেছে। গানটি গেয়েছেন ইমরান ও গায়িকা পূজা। টাইগার মিডিয়া অফিশিয়ালে প্রকাশিত হয়েছে ‘ভালোবাসা বলা হয়ে যায়’ গানটি। বীরত্বের অন্যান্য চরিত্রে আরো অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, কচি খন্দকার, মনিরা মিঠু, আহসান হাবিব নাসিম, নিপুণ আক্তার, রওনক হাসান, জয়ন্ত চট্টোপাধ্যায়, বর্দা মিঠু, আরমান পারভেজ মুরাদ, শিল্পী সরকার অপু, সাবিহা জামান, মুনতাহা এমিলিয়া প্রমুখ।










