হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনার ছায়া অবলম্বনে ‘শনিবার বিকেল’ সিনেমা নির্মাণ করেছেন দেশের খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। ২০১৯ সালে সেন্সর বোর্ড প্রথমে সিনেমাটি প্রদর্শনের অনুমতি দিলেও পরে সে সিদ্ধান্ত থেকে সরে আসে। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে আটকে থাকা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর শনিবার বিকেল সিনেমাটি নিয়ে আপিল বোর্ডের শুনানি হয়েছে গতকাল। এ দিন সিনেমার নির্মাতা–প্রযোজকের বক্তব্য শোনেন আপিল কমিটির সদস্যরা; তারা সিনেমাটি নিয়ে মতামত দেন যে এটি প্রেক্ষাগৃহে মুক্তিতে কোনো বাধা নেই। বিষয়টি নিশ্চিত করেছেন সাংবাদিক ও আপিল বোর্ড সদস্য শ্যামল দত্ত।
এ নিয়ে বণিক বার্তাকে শ্যামল দত্ত বলেন, ‘সিনেমাটি আমার ভালো লেগেছে। এতে সেন্সর না দেয়ার কোনো কারণ নেই। আমরা সিনেমাটি মুক্তি দিতে বলেছি। তবে এর সঙ্গে শুরুতে ডিসক্লেইমার দিতে বলেছি যে এ সিনেমার সঙ্গে হলি আর্টিজানের কোনো সম্পর্ক নেই। হলি আর্টিজান একটা আলাদা ঘটনা। আর শনিবার বিকেল একটি সিনেমা। আমরা একে একটা সিনেমা হিসেবেই দেখেছি, অন্য কোনো বিষয় নয়।’
মন্ত্রিপরিষদ সচিবকে সভাপতি ও সেন্সর বোর্ডের চেয়ারম্যানকে আহ্বায়ক করে গঠিত সাত সদস্যের সেন্সর আপিল কমিটিতে সংসদ সদস্য ও বিশিষ্ট অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফা, সাবেক অতিরিক্ত সচিব নূরুল করিম, অভিনেত্রী সুচরিতা, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত সদস্য হিসেবে এবং সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান সদস্য সচিব হিসেবে রয়েছেন।
২০১৮ সালে শনিবার বিকেলের শুটিং শুরু হয়। এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, তিশা, ইরেশ যাকের, মামুনুর রশীদ প্রমুখ। ফিলিস্তিনের অভিনেতা ইয়াদ হুরানি ও কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায় রয়েছেন এতে।
সিনেমাটি আন্তর্জাতিক মহলে একাধিক পুরস্কার জিতে নিয়েছে। মস্কোয় দুটি ইনডিপেনডেন্ট জুরি পুরস্কার পেয়েছে। এর একটি রাশান ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকস জুরি পুরস্কার আর অন্যটি হলো কমেরসান্ত পুরস্কার। গত বছরের শেষ দিকে বিশ্বজনপ্রিয় গণমাধ্যম হলিউড রিপোর্টারও সিনেমাটি নিয়ে আলোচনা করেছে, যাতে উঠে এসেছে এ সম্পর্কিত নানা খুঁটিনাটি বিষয়ের পাশাপাশি ইতিবাচক মন্তব্য।










