ব্রাজিলের সাও পাওলো শহরে অনুষ্ঠিত টেইলর সুইফটের কনসার্ট দর্শক সমাগমের দিক থেকে আগের সব রেকর্ড অতিক্রম করেছে। বলা হচ্ছে, সর্বকালের সর্ববৃহৎ সংগীতের আয়োজন এটি। চলমান ইরাস ট্যুরের অংশ হিসেবে এ কনসার্টে অংশ নেন টেইলর। খবর হিন্দুস্তান টাইমস।

উচ্ছ্বসিত গায়িকা নিজের জনপ্রিয় একটি ট্র্যাকের উল্লেখ করে বলেন, “আজকের মতো এত জোরে ‘মারজোরি’ গাইতে শুনিনি।”

আনন্দের পাশাপাশি বিষাদের স্মৃতিও তৈরি করেছে এই শো। এখানে এক ভক্তের আচমকা মৃত্যু হয়, এ ঘটনায় শোক প্রকাশ করেছেন টেইলর সুইফট।

ভিড়ের মধ্যে হিট স্ট্রোক করে ওই ভক্তের মৃত্যু হয় বলে জানা গেছে। এমন ঘটনায় কিছুক্ষণ বন্ধ থাকে শো।

সংবাদমাধ্যমে প্রতিবেদন অনুসারে, সাও পাওলোতে অ্যালিয়াঞ্জ পার্ক স্টেডিয়ামে সমবেত হওয়া সবচেয়ে বড় ভিড় ছিল এদিন। তবে অনেক ভক্তের দাবি, উৎসাহী জনতার উল্লাসের কারণে টেইলর সুইফটের গান ঠিকভাবে শোনা যাচ্ছিল না ।

‘এ সফরের সবচেয়ে সুন্দর সূচনা’ উল্লেখ করে এই কনসার্টের এক ঝলক সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে টেইলর সুইফট।

এর আগে মুক্তি পেয়েছে জনপ্রিয় গায়িকার সিনেমা ‘টেইলর সুইফট: দ্য ইরাস ট্যুর’। সাড়া জাগানো মিউজিক্যাল ট্যুর নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন স্যাম রেঞ্চ। গত ১৩ অক্টোবর যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাওয়া এ সিনেমা ব্যাপক সাড়া ফেলেছে। ভ্যারাইটির এক প্রতিবেদন অনুসারে, শুধু অগ্রিম টিকিট বিক্রি থেকেই আয় হয়েছেন ১০ কোটি ডলার। উত্তর আমেরিকার ৩ হাজার ৮৫০টি থিয়েটারে মুক্তি পেয়েছিল ‘টেইলর সুইফট: দ্য ইরাস ট্যুর’।