ওটিটি প্লাটফর্মের জনপ্রিয়তা বাড়ছে। ভিন্নধারার গল্প থাকার কারণে দর্শকের পছন্দের জায়গা হয়ে উঠছে ওটিটি মাধ্যম। দেশের অনেক জনপ্রিয় তারকাও এখন ওয়েব কনটেন্টে অভিনয় করছেন। এ তালিকায় যুক্ত হলেন দিলারা হানিফ পূর্ণিমা। ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা কাজল আরেফিন অমি প্রথমবারের মতো ওয়েব দুনিয়ায় কাজ করতে যাচ্ছেন। ওয়েব সিরিজের নাম ‘হোটেল রিল্যাক্স’। সিরিজের গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন পূর্ণিমা। গতকাল শেষ হয়েছে ছয় পর্বের এ সিরিজের শুটিং। ডিবি পুলিশের চরিত্রে হাজির হবেন ঢাকাই সিনেমার জনপ্রিয় এ নায়িকা।

সিরিজ নিয়ে অমি বলেন, ‘‌গল্পটা পূর্ণিমা আপুকে বলতেই তিনি কনফিডেন্টলি গ্রহণ করলেন এবং আমাকে অনুপ্রাণিত করলেন। পুলিশ অফিসারের চরিত্রে তিনি মানিয়ে গিয়েছেন। তার সঙ্গে কাজের ইচ্ছা ছিল, এবার ব্যাটে-বলে মিলে গেল। পূর্ণিমা আপু ব্রিলিয়ান্ট পারফরমার। শুটিংয়ে তিনি ভীষণ সাপোর্ট দিয়েছেন। দিন পেরিয়ে মধ্যরাত পর্যন্ত আন্তরিকভাবে সময় দিয়েছেন। শুটিংয়ের আগে অ্যাকশন দৃশ্যের জন্য তিনি ট্রেনিং করেন। তার ডেডিকেশনে আমিসহ শুটিংয়ের পুরো টিম মুগ্ধ হয়েছি।’

কাজল আরেফিন অমি ব্যাচেলর পয়েন্ট সিজন ফোর শেষ করার আগেই ঘোষণা দিয়েছিলেন ওয়েব সিরিজ নির্মাণের। এ প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘বর্তমানে নির্মিত বেশির ভাগ ওয়েব সিরিজই থ্রিলারধর্মী। ওয়েবের দর্শকরা থ্রিলার গল্প দেখে অভ্যস্ত। আমি সে দর্শকদের ভরপুর বিনোদন দিতে চাই। আমাদের দর্শক নিয়মিত থ্রিলারসহ অনেক গল্পের ওয়েব সিরিজ দেখেছেন, তবে আমি যেটা বানাতে চাই, হয়তো এ ধরনের গল্প আগে দেখেনি।’

গতকাল পূর্ণিমা তার ফেসবুক পেজে ওয়েব সিরিজটির একটি ছবি পোস্ট করেন। যেখানে পুলিশের বেশে দেখা যায় তাকে। ওয়েব সিরিজে অভিনয়ের বিষয়ে পূর্ণিমা বলেন, ‘‌আমি প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় করছি। আমার মনে হয়েছে এটি অন্য আট-দশটি গল্পের চেয়ে একটু আলাদা। সবকিছু দেখে-শুনেই এতে যুক্ত হয়েছি। আমার চরিত্রটিও ভিন্ন। সব মিলিয়ে আশা করছি এ সিরিজে আমার চরিত্রটি সবার ভালো লাগবে।’

নির্মাতা জানান, এখন পর্যন্ত তার ক্যারিয়ারে সেরা কাজ হতে যাচ্ছে হোটেল রিল্যাক্স। এতে আরো অভিনয় করছেন তার ‘ব্যাচেলর পয়েন্ট’ টিমের সদস্যরা। আগামী ফেব্রুয়ারি অথবা মার্চে ওটিটি প্লাটফর্ম বঙ্গতে হোটেল রিল্যাক্স মুক্তি পেতে পারে বলে জানিয়েছেন অমি।