বিষয়বস্তুর মধ্যে সাধারণ জীবনজ্ঞান, চলচ্চিত্র সমালোচনা ও সমসাময়িক প্রসঙ্গ থেকে শুরু করে ভালবাসা এবং স্মৃতির মতো ব্যক্তিগত অনুভূতিও অন্তর্ভুক্ত হয়েছে।

‘রীতিবাক্য’ ও তার চলচ্চিত্রের চিত্রনাট্য ‘আ বার্থ ফর আ ডেথ’-এর পরিবেশনাকে কেন্দ্র করে ১৯ আগস্ট আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় একটি বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয়। সাহিত্য, চলচ্চিত্র, থিয়েটার ও সংগীতের সমন্বয়ে সন্ধ্যাটি সমকালীন সৃজনশীলতার এক প্রাণবন্ত উদযাপনে পরিণত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী আবিদা সুলতানা, রফিকুল আলম, চলচ্চিত্র নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল, ফখরুল আরেফীন খান, আহমেদ মুজতবা জামালসহ দেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।

‘রীতিবাক্য’ বইটি সম্পর্কে লেখকের বক্তব্যের পর উপস্থিত দর্শকরা তাদের পছন্দের অংশগুলো পাঠ করেন, যা পুরো অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

পাঠাভিনয়ের চিত্রনাট্যটি রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম জনপ্রিয় গান ‘আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে’র পটভূমির ওপর ভিত্তি করে রচিত। ‘মৃত্যু থেকে জন্ম’ নামের এ চিত্রনাট্যে অনুসন্ধান করা হয়েছে গানটির সৃষ্টি প্রক্রিয়া, কবি কোন পরিস্থিতিতে গানটি লিখেছিলেন এবং তার অনুপ্রেরণার উৎস কোথায় নিহিত ছিল। চিত্রনাট্যটি পরিবেশন করেন চারজন নাট্যশিল্পী নুসরাত রাইসা, ইরফান রনি, কানিজ ফারজানা আরেফিন ও সাশা।

উল্লেখ্য, সাদিয়া খালিদ রীতি একজন চিত্রনাট্যকার, চলচ্চিত্র সমালোচক ও শিক্ষাবিদ। তিনি ইউসিএলে স্ক্রিন রাইটিংয়ে পড়াশোনা করেছেন। কাজ করেছেন দ্য ডেইলি স্টার, ঢাকা ট্রিবিউন ও ডেইলি ব্রুনের সঙ্গে। এছাড়া কান চলচ্চিত্র উৎসব, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব কেরালাসহ বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরি হিসেবে দায়িত্ব পালন করেছেন।