মুক্তি প্রতীক্ষিত বেল বটম ছবিতে কাজের সুযোগ পেয়ে অক্ষয় কুমারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বলিউডের তরুণ অভিনেত্রী বানী কাপুর। বেল বটম ছবির প্রস্তাব পেয়েই লুফে নিয়েছিলেন তিনি। নিজের চরিত্রটা ছোট না বড়, ভালো না খারাপ, কিছুই ভাবেননি। অক্ষয় কুমারের মতো সুপারস্টারের সঙ্গে একই পর্দায় আসতে পেরেই খুশি এ বলিউড তারকা। এক সাক্ষাত্কারে বানী বলেন, ‘অক্ষয় কুমারের সঙ্গে কাজ করার সুেযাগ পেয়েছি, আমার জন্য এটা অনেক বড় সৌভাগ্য। তিনি আমার ওপর আস্থা এবং ভরসা রেখেছেন, তার জন্য আমি তার কাছে কৃতজ্ঞ। এ ছবি ঘিরে আমি অত্যন্ত উত্তেজিত। কারণ আমি অক্ষয় কুমারের সঙ্গে অভিনয় করেছি। আর তার সঙ্গে স্ক্রিন শেয়ার করব বলে ছবিটির প্রস্তাব আসার সঙ্গে সঙ্গে আমি হ্যাঁ করেছিলাম। কোনো রকম ভাবনাচিন্তা করিনি।’

এ ছবিতে বানীর অভিনয় করার পেছনে অন্য একটা কারণও আছে। এ বলিউড অভিনেত্রী বলেছেন, তার বাবা শিব কাপুর সুপারস্টার অক্ষয় কুমারের বড় ভক্ত। বানী বেল বটম ছবিতে অক্ষয়ের সঙ্গে কাজ করার প্রস্তাব পেয়েছেন শুনে তার বাবাও আনন্দে আত্মহারা। এ প্রসঙ্গে বানী বলেন, ‘বাবাকে এত খুশি আমি কমই দেখেছি। বাবা এত খুশি কারণ আমি যার সঙ্গে কাজ করতে চলেছি, দীর্ঘ সময় ধরে তিনি সেই অভিনেতার ভক্ত। বাবাকে এ খবর শোনানোর পর তিনি খুশির সাগরে ভাসছিলেন।’

১৯ আগস্ট বড় পর্দায় আসতে চলেছে বেল বটম। আশির দশকের পটভূমিকায় স্পাই থ্রিলারধর্মী এ ছবির অন্যান্য চরিত্রে আছেন হুমা কুরেশি, লারা দত্ত প্রমুখ। রঞ্জিত এম তিওয়ারি পরিচালিত এই থ্রিডি ছবিতে অক্ষয় কুমার একজনের এজেন্ট। আর তার স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন বানী কাপুর। জানা গেছে, বেল বটম ছবিতে লারা দত্তকে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় দেখা যাবে। এছাড়া শিগগিরই চণ্ডীগড় করে আশিকি ছবিতে আয়ুষ্মান খুরানার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন বানী। শামসেরা ছবিতে তিনি রণবীর কাপুরের নায়িকা।