ক্রিকেট নিয়ে একটি সিনেমা নির্মাণ করেছেন আফসানা মিমি। অনেক বছর আগে এ রকম একটি খবর এসেছিল। এবার ২০২৪ সালে সত্যিই সিনেমাটি আসছে। এরই মধ্যে প্রকাশ হয়েছে এর ট্রেলার। ‘অফ দ্য মার্ক’ নামের এ সিনেমা তিনি নির্মাণ করেছেন ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনের জন্য।
অভিনেত্রী হিসেবে বেশি পরিচিত হলেও আফসানা মিমি পরিচালনাও করেন। বেশকিছু জনপ্রিয় নাটকের পরিচালক তিনি। এবার নির্মাণের সে অভিজ্ঞতা কাজে লাগালেন সিনেমায়। আর সে সিনেমার বিষয় হিসেবে রেখেছেন ক্রিকেটকে। একজন কিশোরের ক্রিকেটার হয়ে ওঠার গল্প অফ দ্য মার্ক। সম্প্রতি এর দেড় মিনিটের ট্রেলার মুক্তি পেয়েছে।
সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র দীপু। বাংলাদেশের আর দশটা ছেলের মতো তারও আগ্রহ ক্রিকেটে। দীপুর ক্রিকেটার হয়ে ওঠার গল্পটাই ফুটে উঠেছে ট্রেলারে। যে ছেলে পৃথিবীর বুকে দেশের পতাকা উঁচু করে দাঁড়িয়ে আছে, তার এতদূর আসার পথটা যে মসৃণ ছিল না, তা দেখানো হয়েছে ট্রেলারে। স্বাভাবিক নিয়মেই যেন বাবার অমত, মায়ের সমর্থনের পাশাপাশি আরো কিছু মানুষের অনুপ্রেরণায় এগিয়ে যায় সে। পথে আসে নানা বাধা। তবু থেমে যায় না দীপু। আর সে কারণেই একদিন পায় সাফল্য। এ নিয়েই সিনেমার গল্প। কিশোর, তরুণ সবাই নিজের সঙ্গে মেলাতে পারবে এটিকে।
অফ দ্য মার্ক ওয়েব ফিল্মটিতে অভিনয় করেছেন আরহাম, মোস্তাফিজুর নুর ইমরান, শারমিন আক্তার শর্মী, হায়াতুজ্জামান খান, খালিদ হাসান রুমী, আরিবা, শমো, আনাস, শামসুল হাদি, আশরাফুল আলম, তামান্না ইসলাম, আবু তাহের, ওয়াহিদ মুরাদ ও সৌম্য জ্যোতি। সিনেমাটি আজ থেকে আইস্ক্রিনে স্ট্রিম হবে।










