আসছে প্রাঙ্গণেমোর নাট্যদলের নতুন নাটক। মাত্র এক মাসের ব্যবধানে দলটি আবারো মঞ্চে আনতে যাচ্ছে তাদের আরেকটি প্রযোজনা। উৎপল দত্তের লেখা বিখ্যাত নাটক ‘টিনের তলোয়ার’ মঞ্চস্থ করবে তারা। এটি নির্দেশনা দিচ্ছেন বিশিষ্ট অভিনেতা, নির্দেশক ও নাট্যকার অনন্ত হিরা। বাংলা নববর্ষের প্রথম দিন বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে। এছাড়া আগামী ২ ও ৩ বৈশাখ পরপর দুদিন একই হলে এর দুটি প্রদশর্নী হবে। আগামী ২০ এপ্রিল বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা ৭টায় নাটকটির আরো একটি প্রদর্শনী হবে এবং একই হলে আগামী ১৯ এপ্রিল অনন্ত হিরার লেখা ও নূনা আফরোজের নির্দেশনায় ‘অভিনেতা’ নাটকের দ্বিতীয় প্রদর্শনী হবে।
টিনের তলোয়ার কিংবদন্তি অভিনেতা ও নাট্যকার উৎপল দত্তের রচনা। মঞ্চের সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গ এ নাটককে বলে থাকেন থিয়েটারওয়ালা বা নাটকওয়ালাদের অস্ত্র ও নাটকের ভেতরে নাটক। এছাড়া টিনের তলোয়ারকে তারা বলেন মানুষের মানুষ হয়ে ওঠার প্রয়াস ও শিল্পী হয়ে ওঠার চেষ্টা। এছাড়া এ নাটক থিয়েটারওয়ালাদের এক বহমান লড়াই।
এ নাটকে অভিনয় করছেন অনন্ত হিরা, আউয়াল রেজা, সবুক্তগীন শুভ, সীমান্ত আমীন, মশিউর রহমান, সুজয় গুপ্ত, শিশির চৌধুরী, মোফাজ্জল, বাঁধন সরকার, সাহেদ সরদার, গুলশান বহ্নি, তমা হোসেন, ফাহিম মুনতাসীর, নাজিম আহমেদ ত্বকি, জহিরুল ইসলাম ও তন্নী ইসলাম।
টিনের তলোয়ার নাটকটির মঞ্চ ডিজাইন করেছেন ফয়েজ জহির, আলো ঠাণ্ডু রায়হান, সংগীত শিশির রহমান, পোশাক নূনা আফরোজ ও পোস্টার চারু পিন্টু।










