প্রত্যাশার চেয়েও ভালো যাত্রা শুরু করেছে ডিজনির নতুন সিনেমা জাঙ্গল ক্রুজ। করোনা মহামারীর মধ্যে মুক্তি পেয়েও ভালো দর্শক টানতে সক্ষম হয়েছে সিনেমাটি। নিজ দেশে সাড়ে চার কোটি ডলারের ব্যবসা করেছে। যুক্তরাষ্ট্রের বাইরে বিশ্বজুড়ে জাঙ্গল ক্রুজের বক্স অফিস কালেকশন ৬ কোটি ডলারের বেশি।
ডিজনি ও প্রিমিয়ার অ্যাক্সেস থেকে ৩ মিলিয়ন ডলারের আয়সহ সিনেমার মোট বৈশ্বিক সূচনা ধরা হয়েছে ৯১ দশমিক ৮ তথা ৯ কোটি ডলারের বেশি। জাঙ্গল ক্রুজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ডোয়াইন জনসন ও এমিলি ব্লান্ট। সিনেমাটি প্রযোজনা করেছেন জন ডেভিস, জন ফক্স ও ডোয়াইন জনসন। পরিচালনা করেছেন জাউমে কলেট-সেররা। অ্যাডভেঞ্চার ও ফ্যান্টাসির সংমিশ্রণে নির্মিত জাঙ্গল ক্রুজ।
প্রসঙ্গত, কভিড-১৯ মহামারীর কারণে এক বছর বিলম্বের পর জাঙ্গল ক্রুজ মার্কিন যুক্তরাষ্ট্রে ৩০ জুলাই প্রেক্ষাগৃহে এবং ওটিটিতে মুক্তি পায়। চলচ্চিত্রটি সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। অনেকেই জনসন ও ব্লান্টের রসায়নের প্রশংসা করছেন। কিন্তু চিত্রনাট্য নিয়ে বেশ কড়া সমালোচনাও করেছেন কেউ কেউ।










