আজ মুক্তি পাচ্ছে মেজবাউর রহমান সুমন পরিচালিত আলোচিত সিনেমা হাওয়া। মুক্তির আগে অফলাইন, অনলাইনে আশ্চর্য হাইপ তুলেছে সিনেমাটি। মনপুরা, আয়নাবাজির পর বাংলা সিনেমায় এমন উন্মাদনা দেখা যায়নি। হাওয়ার কাহিনী ও সংলাপ লিখেছেন পরিচালক নিজেই। চিত্রনাট্য লিখেছেন সুকর্ণ সাহেদ ধীমান ও জাহিন ফারুক আমিন। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরীফুল রাজ, সুমন আনোয়ার, সোহেল মণ্ডল, নাসির উদ্দিন খান প্রমুখ। গভীর সমুদ্রে শুটিং হয়েছে সিনেমাটির। শুটিং অভিজ্ঞতা ও মজার সব ঘটনা নিয়ে বণিক বার্তার এ আয়োজন। লিখেছেন মুহাম্মাদ আসাদুল্লাহ

ফিরে এল হাতে আঁকা পোস্টার

একসময় বাংলা সিনেমার সব পোস্টার হাতে আঁকা হতো। আশির দশকের শেষের দিকেও চারুকলার শিক্ষার্থী কিংবা পোস্টারশিল্পীদের দিয়ে হাতে এঁকে সিনেমার প্রচারণায় ব্যবহার করা হতো। উজ্জ্বল রঙ ও রঙের অতি ব্যবহারে চোধ ধাঁধানো সেই পোস্টার ছিল বাংলা সিনেমার আরেক ঐতিহ্য। আধুনিক প্রিন্টিং পদ্ধতি আসায় বিদায় নিয়েছে হাতে আঁকা পোস্টার। চারুকলার শিক্ষার্থী, নির্মাতা মেজবাউর রহমান সুমনের হাত ধরে আবার ফিরে এসেছে সেই রীতি। সমুদ্রের রহস্যময় গল্পের রহস্যময় চরিত্রগুলোর প্রচারণায় আশ্রয় নিয়েছেন হাতে আঁকা পোস্টারে। পোস্টারের ছবিগুলো এঁকেছেন চিত্রশিল্পী আবির খালিদ। চারুকলার চিত্রশিল্পী তিনি। নিয়মিত পেইন্টিং ও বিজ্ঞাপনে স্টোরিবোর্ডের কাজ করেন তিনি। সুমনের বিজ্ঞাপনে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। এবার যখন সুমন সিনেমার জন্য হাতে আঁকা পোস্টারের কথা ভাবছিলেন, তখন খালিদের ওপরই আস্থা রাখলেন।

কানের পাশ দিয়ে গেছে ঘূর্ণিঝড় বুলবুল

উত্তাল সাগরের বুকে জীবন বাজি রেখে হাওয়ার কাজ করতে হয়েছে। প্রতিদিন সেন্ট মার্টিন দ্বীপ থেকে দুই-আড়াই ঘণ্টা ট্রলার চালিয়ে সবাই চলে যেতেন গভীর সমুদ্রে। ২০১৯ সালের কথা। আবহাওয়া অফিসে তখন ঘূর্ণিঝড় বুলবুলের সতর্কতা। বঙ্গোপসাগর থেকে উত্তর-পশ্চিম উপকূলের দিকে ঘণ্টায় ১১৭ কিলোমিটার বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বুলবুল। সেদিন ছিল বৃহস্পতিবার। হাওয়া টিম আর সব সকালের মতো সেদিনও রওনা হয়েছে সাগরে। নোঙর ফেলে শুটিং করেছে। সকাল থেকে দুপুর পর্যন্ত ভালোই শুটিং করেছে। কিন্তু দুপুরের পর আবহাওয়া দ্রুত খারাপ হতে থাকে। ঢেউ ভয়ংকর রূপ ধারণ করে। ইউনিটের সবাই ভয়ে ফিরে আসার চেষ্টা করেন; কিন্তু সমুদ্র এতটাই উত্তাল ছিল যে তারা ফিরতে পারেননি। পরে স্থানীয় মানুষ ও কোস্টগার্ড মিলে রাতে তাদের উদ্ধার করে। এরপর টানা ছয়দিন আর সমুদ্রে শুটিং করতে পারেননি সুমন।

ছয় মাসের মিলিটারি ট্রেনিং

না, আর্মি ক্যাম্পে গিয়ে হাওয়ার শিল্পীরা ট্রেনিং নিয়েছেন বিষয়টা এমন নয়। তবে মেজবাউর রহমান সুমন শুটিংয়ের আগের এক বছর যে ক্যাম্প আর রিহার্সেল করিয়েছেন তা কোনো অংশেই মিলিটারি ক্যাম্পের চেয়ে কম না। হাওয়ার গুলতি চরিত্রের অভিনেত্রী নাজিফা তুষি এ নিয়ে বলেন, ‘আমরা ছয় মাস প্রি-প্রডাকশনের সঙ্গে ছিলাম। তিন মাস রিহার্সেল করেছি। একটা চরিত্র হয়ে ওঠার বিভিন্ন দিক শেখানো হতো রিহার্সেলে। এ সময় পরিচালক বলতেন, তোমরা যদি রিহার্সেলে ভালো না করো তাহলে বাদ দিয়ে দেব। শুটিংয়ের আগে আমাদের যে মিলিটারি ট্রেনিংয়ের মধ্যে রাখা হয়েছে সে ট্রেনিংয়ে সব ভয় দূর হয়ে গিয়েছে। শুটিংটাই সহজ মনে হয়েছে।’

‘সাদা সাদা কালা কালা’র আরো ভাইবোন আছে

হাওয়া সিনেমার গান সাদা সাদা কালা কালা। নিভৃতচারী শিল্পী হাশিম মাহমুদের লেখা ও সুর করা গানটি মুক্তির পর থেকে তুমুল জনপ্রিয়তা পেয়েছে। সাধারণত এখন সিনেমা মুক্তির আগে সিনেমার প্রায় সব গান অনলাইনে মুক্তি দেয়া হয়। হাওয়া একটা গান মুক্তি দিয়েই চুপ। ভাব দেখে মনে হচ্ছে এ সিনেমায় একটাই গান। কিন্তু ঘটনা তা নয়। এ সিনেমায় আরো গান আছে। পরিচালক মেজবাউর রহমান সুমন বলেন, ‘আমাদের প্রথম থেকেই পরিকল্পনা ছিল ট্রেইলার ও সাদা সাদা কালা কালা গানটি প্রকাশ করব। সেভাবেই আমরা এগোচ্ছি। সাদা সাদা কালা কালা ছাড়াও হাওয়া সিনেমায় শাহজাহান মুন্সি, রজ্জব দেওয়ান ও বাসুদেব বাউলের গান ব্যবহার করা হয়েছে। গানগুলো আগেই প্রকাশিত। বিষয়টি এমন নয় যে সিনেমার জন্য নতুন গান লিখে, সুর করে তাদের দিয়ে গাওয়ানো হয়েছে। আমি চেনা জিনিসই দর্শক বা শ্রোতাদের দেখাতে শোনাতে চেয়েছি। যে গানগুলোর কথা আমি বললাম, সেগুলো আয়োজন করে দেখানো বা শোনানো হয়নি সিনেমায়। আমাদের ইচ্ছা আছে বাসুদেব বাউলের গানটি আমরা সিনেমা মুক্তির পর প্রকাশ করব।’

দিনে কয়টা পান খান চাঁন মাঝি?

সিনেমায় চাঁন মাঝি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। তিনি ট্রলারের ‘ক্যাপ্টেন’। কি রে ভয় পাচ্ছিস, সংলাপ শোনা যায় চাঁনমাঝির মুখে। এরপর হাসি দিতেই বেরিয়ে আসে তার পান খাওয়া লালচে দাঁত। দাঁত লালচে করার জন্য প্রথমে মেকআপ নিতেন চঞ্চল। পরে ভাবলেন এই মেকআপগুলো শেষমেশ তার পেটেই যাচ্ছে। তার চেয়ে ভালো পান খেয়ে দাঁত লাল করা। শুরু করেন পান খাওয়া। কিন্তু একটা-দুইটা পান খেলে তো আর দাঁত লাল হয় না। এর জন্য খেতে হয় দীর্ঘদিন বেশি বেশি পান। চাঁনমাঝি চঞ্চলকে তাই প্রতিদিন খেতে হয়েছে ১৮-২০টা করে পান। পান খেতে খেতে অনভ্যস্ত চঞ্চলের গাল ছিলে যেত। তার পরও আয়নাবাজির অভিনেতা বলে কথা। আয়নাবাজি করার সময় ছয় মাস ভাত খাননি। হাওয়া করার সময় ১৮-২০টা পান খেতে পারবেন না? দর্শককে ভয় দেখানো চাঁনমাঝি পানের ভয় দূর করে তবেই শুটিং করেছেন।