ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে প্রতি বছর আয়োজিত হয় আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব। এ বছর আয়োজন হচ্ছে উৎসবের ১৫তম আসর। তবে এবার আছে একটি বিশেষ বিষয়। বাংলাদেশে অবস্থিত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) যুক্ত হচ্ছে চলচ্চিত্র উৎসবে। তারা সম্প্রতি এ উৎসবে সহযোগিতা দেয়ার কথা জানিয়েছেন। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনকে মাথায় রেখে প্রতিযোগিতায় নতুন থিম যুক্ত করায় এ আয়োজনে জাতিসংঘের এ অঙ্গসংগঠন আগ্রহ প্রকাশ করেছে।

ইউএনডিপির ফেসবুক পেজে করা এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা হয়, ‘‌জলবায়ু পরিবর্তন সচেতনতায় তরুণ নির্মাতাদের নিয়ে শুরু হতে যাচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব। এ উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সঙ্গে থাকতে পেরে আমরা আনন্দিত।’

এ বিষয়ে চলচ্চিত্র সংসদের জনসংযোগবিষয়ক সম্পাদক নাফিসা জামান বনি বণিক বার্তাকে বলেন, ‘‌বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিষয়কে গুরুত্ব দিয়ে এবারের আসরের নতুন সংযোজন “‍ওয়ান আর্থ শর্টফিল্ম’’ নামে এক সাবমিশন ক্যাটাগরি। বর্তমান সময়ের অন্যতম বৈশ্বিক চ্যালেঞ্জ জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যেই এ ক্যাটাগরি যুক্ত হয়েছে। বিষয়টি যেহেতু জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত, সেজন্য তারা সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন।’

তীর্থ প্রতিম দাস বণিক বার্তাকে বলেন, ‘‌এবারের আসরের লক্ষ্য হলো জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষায় তরুণদের ভাবনা ও সচেতনতার বার্তা আরো জোরালোভাবে উপস্থাপন করা। আশা করি, ইউএনডিপির সহযোগিতায় আমরা আমাদের এ লক্ষ্যে পৌঁছতে সফল হব।’