বক্স অফিসের পর এবার পুরস্কারের ক্ষেত্রেও এগিয়ে যাচ্ছে গ্রেটা গেরউইগ পরিচালিত ‘‌বারবি’। সিনেমাটি গোল্ডেন গ্লোবের ১০টি বিভাগে মনোনয়ন পেয়েছে। ফলে গোল্ডেন গ্লোবের ৮১ বছরের ইতিহাসে এ সিনেমা দ্বিতীয় সর্বোচ্চসংখ্যক মনোনয়ন পেল। বারবিকে এ বছরের একটি আশ্চর্য ঘটনাই বলা চলে। ক্রিস্টোফার নোলানের বিগ প্রজেক্টের পাশে এ সিনেমার পাত্তাই পাওয়ার কথা ছিল না। কিন্তু ওপেনহাইমারের সঙ্গেই এ সিনেমা আলোচনায় আসে এবং এরপর নানা মিম, রিল, হ্যালোইন কস্টিউম এমনকি ট্রল থেকেও হয়েছে সিনেমাটির প্রচার। তবে এবার গোল্ডেন গ্লোবে সর্বাধিক মনোনয়ন পাওয়ার মাধ্যমে সমালোচক মহলেও এটি জায়গা করে নিল।

গোল্ডেন গ্লোবের সেরা ফিচার ফিল্মের মনোনয়ন পায়নি বারবি। তবে সেরা সিনেমার (মিউজিক্যাল অর কমেডি) পাশাপাশি মনোনীত হয়েছে সেরা পরিচালক, সেরা চিত্রনাট্য, সেরা অভিনেত্রী, সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে। পাশাপাশি সেরা মৌলিক গান বিভাগে আছে বারবির তিনটি গান। এছাড়া সিনেমাটিক ও বক্স অফিস অ্যাচিভমেন্ট বিভাগে আছে সিনেমাটি। 

বারবি আগামী বছরের সবগুলো পুরস্কারে শক্ত অবস্থানে থাকবে এ কথা সিনেমা ও পুরস্কার বিশ্লেষকরা আগেই বলেছিলেন। সিনেমাটি যেভাবে বক্স অফিসে নিজেকে প্রতিষ্ঠা করেছিল তার চেয়ে দর্শকরা সিনেমাটি এমনভাবে গ্রহণ করেছিল যে সে বিষয়ই বেশি প্রভাব ফেলেছে পুরস্কারের তালিকায় এত এগিয়ে থাকায়। গোল্ডেন গ্লোবে শক্ত অবস্থানে থাকার পর যদি বেশি পুরস্কার জিতে যায়, তাহলে অস্কারের দৌড়েও অনেকটা এগিয়ে যাবে সিনেমাটি।

তবে গোল্ডেন গ্লোবে থাকছে আরো অনেক সিনেমা। সম্ভাবনাময় ও প্রশংসিত সব সিনেমাই থাকছে এখানে। সেরা মোশন পিকচারের তালিকায় আছে ‘‌কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’ ও ‘‌ওপেনহাইমার’। সেরা পরিচালক বিভাগে গ্রেটাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে ব্র্যাডলি কুপার, মার্টিন স্করসেসি ও ক্রিস্টোফার নোলানের সঙ্গে। চিত্রনাট্যের ক্ষেত্রেও পুরস্কার পাওয়া কঠিন হবে। কেননা এখানেও থাকছে ‘‌ফ্লাওয়ার মুন’, ‘‌ওপেনহাইমার’, ‘‌মায়েস্ত্রো’, ‘‌পাস্ট লাইভস’ ও ‘‌অ্যানাটমি অব ফল’। বক্স অফিস অ্যাচিভমেন্টের ক্ষেত্রে বারবির পুরস্কার পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। 

গোল্ডেন গ্লোবের এবারের মনোনয়ন নিয়ে কিছু সমালোচনাও হচ্ছে। কেননা প্রথমত মিউজিক্যাল ও কমেডি বিভাগে সত্যিকার কোনো মিউজিক্যাল মনোনীত হয়নি। বিশেষভাবে নাম করা যায় ‘‌দ্য কালার পার্পল’, ‘‌দ্য লিটল মারমেইড’ ও ‘‌ওঙ্কা’। তিনটি সিনেমাই আলোচিত এবং মনোনয়ন পাওয়ার মতো। আবার জেনিফার অ্যানিস্টনকে মনোনয়ন দেয়া হয়নি 

‘দ্য মর্নিং শো’র জন্য। গোল্ডেন গ্লোব নিয়ে এর আগেই নানা আপত্তি করা হচ্ছিল। তাদের বিরুদ্ধে আছে দুর্নীতির অভিযোগ। সেসব ছাপিয়ে প্রতি বছরই আয়োজিত হচ্ছে গোল্ডেন গ্লোব। তবে এবার বারবির এত বেশি মনোনয়ন নিয়ে সমালোচনা সামনে আরো বাড়বে বলেই মনে হচ্ছে।

গোল্ডেন গ্লোবের ২০২৪ সালের আসরটি আয়োজন হবে জানুয়ারিতে। কয়েক দফা তারিখ পরিবর্তনের পর সর্বশেষ তথ্যানুসারে, আগামী ৭ জানুয়ারি এ আয়োজন হচ্ছে বলে জানানো হয়েছে।

সূত্র: ভ্যারাইটি