যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট একজন লেখকও। বাজারে আছে তার প্রকাশিত দুটো বই। একটি বই শিশুদের জন্য লেখা—সুপারহিরোজ আর এভরিহোয়ার। অন্যটি তার স্মৃতিকথা, নাম— দ্য ট্রুথস উই হোল্ড: অ্যান আমেরিকান জার্নি। তার ভাতিজি মীনা হ্যারিসের লেখা একটি বইয়ের নাম কমলা অ্যান্ড মায়া’জ বিগ আইডিয়া। আরো আছে নিকি গ্রিমেজের সচিত্র বই কমলা হ্যারিস: রুটেড ইন জাস্টিস। রোববার কমলা হ্যারিসের লেখা বা তাকে নিয়ে লেখা এ চারটি বই অ্যামাজনের টপ টেনে জায়গা করে নিয়েছে।

নির্বাচনের পর থেকেই বেড়েছে কমলা হ্যারিসের বইয়ের বিক্রি। ফলে সেগুলো অ্যামাজনের টপ টেন তালিকায় উঠে এসেছে।


ইতিহাসে প্রথমবারের মতো কোনো অশ্বেতাঙ্গ নারী হিসেবে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন কমলা হ্যারিস। ক্যালিফোর্নির এ সিনেটর একই সঙ্গে প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত হিসেবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট হয়েছেন। যুক্তরাষ্ট্রে নারী হিসেবে সর্বোচ্চ সরকারি পদে বসতে চলেছেন কমলা হ্যারিস।

অন্যদিকে জো বাইডেনও প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তার ওপর লেখা বই অ্যামাজনের চার্টে বেশ উপরে উঠে এসেছে। ড. জিল বাইডেনের লেখা শিশুতোষ বই জোয়ে: দ্য স্টোরি অব জো বাইডেন গতকাল পর্যন্ত অ্যামাজনের বেস্ট সেলারে ১৪তম স্থান দখল করেছে।

 

সূত্র: হলিউড রিপোর্টার